কুলটির ৫৯ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলযন্ত্রণা, বিজেপি নেতৃত্বের উদ্যোগে অবশেষে সংস্কারের কাজ শুরু
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুরের বিষ্ণু বিহার এলাকায় মঙ্গলবার থেকে শুরু হলো নিকাশি সংস্কারের কাজ। একইসাথে, শুরু করা হয়েছে সাফাই ও অন্যান্য কাজও। নতুন সরকার গঠনের পর এলাকায় পরিবর্তনের বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দাবি করেন বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, গত ১৫ বছর ধরে নির্দিষ্ট কিছু এলাকাকে অবহেলা করা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের এলাকায় উন্নয়নের কাজ ইচ্ছাকৃতভাবে করা হয়নি। বিজেপি বিধায়ক ডাঃ অজয় পোদ্দার জয়ের পর থেকেই কর্মীদের মানুষের সেবায় নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তাঁরা।














আসানসোল পুরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুরের বিষ্ণু বিহার এলাকায় মঙ্গলবার সকালে ড্রেন ও নিকাশি সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। এক শিক্ষিকার অভিযোগ, এলাকার একটি কালভার্ট নির্মাণের পর থেকেই ড্রেনের নোংরা জল তাঁর বাড়ি, উঠান এবং ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। ২০২০ সাল থেকে তিনি এই সমস্যায় ভুগছেন বলে জানান। বারবার অভিযোগ জানানো হলেও দীর্ঘদিন কোনও স্থায়ী সমাধান মেলেনি।তিনি বলেন, প্রথমে স্থানীয় কাউন্সিলর মীর হাসিম কাছে অভিযোগ করি। পরে তাঁর পরামর্শ মতো আসানসোল পুরনিগমে লিখিত আবেদন করা হয়। কিন্তু গত বছরের বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

বাড়িতে জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনার ছবি পর্যন্ত আমি তুলে রেখেছি।পরে কাউন্সিলর জাকির হোসেন এবং আসানসোল পুরনিগমের বিভিন্ন আধিকারিকের কাছেও বিষয়টি জানাই। তবে প্রতিবারই আমাকে “ফান্ড নেই”, “আরও কিছুদিন অপেক্ষা করুন”, এই আশ্বাস দেওয়া হয় বলে অভিযোগ। প্রকল্প অনুমোদিত হওয়ার পরও গত ছয় মাস ধরে তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন দফতরে গিয়ে কাজ শুরুর অনুরোধ করেছেন। কিন্তু তাতেও কোন কাজের কাজ হয়নি।এদিকে, বিজেপির কুলটি মন্ডলের সহসভাপতি নেতা সন্তোষ কুমার ভার্মা ওরফে টিঙ্কুর দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার, নিকাশি ব্যবস্থা ও রাস্তার উন্নয়নের কাজ অবহেলিত ছিল।
সোমবার আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসে যাই। তারপর এখন নতুন সরকারের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন।অবশেষে আসানসোল পুরনিগমের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং স্থানীয় নেতৃত্বের হস্তক্ষেপে মঙ্গলবার থেকে সমস্যার সমাধানের কাজ শুরু হয়েছে। দীর্ঘ কয়েক বছরের দুর্ভোগের পর কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাদের কথায়, বহুদিন ধরে এই সমস্যায় ভুগেছি। শুধু অপেক্ষা করতে বলা হয়েছে। এখন কাজ শুরু হয়েছে, আশা করছি স্থায়ী সমাধান হবে।

