সালানপুরে ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর ক্ষতিপূরণের দাবিতে দেহ রেখে বিক্ষোভ
*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।বুধবার সকালে সাড়ে আটটা নাগাদ আসানসোলের সালানপুর থানার অন্তর্গত ফুলবেড়িয়া হনুমান মন্দির ট্রান্সপোর্ট রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়েন।ঘাতক হাইড্রা গাড়িটিকেআটক করেন স্থানীয় বাসিন্দা। ঘাতক গাড়িটিকে ঘিরে চলে বিক্ষোভ। ততক্ষণে গাড়ির চালক চম্পট দেয়। হাইড্রা গাড়িটিকে ও মৃতদেহ রাস্তায় রেখে চলে বিক্ষোভ দাবি করা হয় ক্ষতিপুরনের।ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম মঙ্গল বাউরি (৩৬)।














তিনি সালানপুর থানার জেমারি গ্রামের বাসিন্দা। তবে তিনি ঘর জামাই হিসেবে ফুলবেরিয়া গ্রামেই বসবাস করতেন।পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিনের মত এদিন সকালেও একটি বেসরকারি কারখানায় সাইকেলে করে কাজে যাচ্ছিলেন। সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয়া বাড়ির দিকে তিনি ফিরে আসছিলেন । সেই সময় ট্রান্সপোর্টিং রোড ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি তাকে ধাক্কা মারে।
এর ফলে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।তবে ঘটনার পর চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।স্থানীয় জনতা ছুটে এলে মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে।পরিবার ও স্থানীয়দের দাবি যতক্ষণ না তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে।স্থানীয়রা জানান, এর আগেও এই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএলের গাফিলতি ও নিরাপত্তার অভাবে এই ঘটনা ঘটেই চলেছে।যেসকল ড্যাম্পার গুলি চলে সেগুলি খালাসী দ্বারা চালানো হয়। এর ফলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
তবে ঘটনা প্রসঙ্গে ইসিএলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অন্যদিকে, বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, একটা ঘটনা ঘটেছে। ইসিএলের গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। এটা ইসিএলের দুর্ঘটনা। তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতিতে ইসিএল কতৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

