ASANSOLKULTI-BARAKAR

কুলটি স্টেশনে কয়লা বোঝাই চারটি বগিতে আগুন, আতঙ্ক

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুলটি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে মঙ্গলবার রাতে হঠাৎই আতঙ্ক ছড়িয়ে পড়ে। যখন দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই একটি মালগাড়ির চারটি বগিতে ভয়াবহ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে স্টেশন চত্বরে থাকা যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে একটি বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পরপর চারটি বগিকে গ্রাস করে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগকে জানানো হয়। খবর পেয়ে আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। তারা আগুন নেভানোর কাজ শুরু করে।দমকলকর্মীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর সময় স্টেশন সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য রেল চলাচলেও প্রভাব পড়ে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ট্রেন আটকে রাখা হয়।যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

তবে আগুনে রেলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল প্রশাসন, আরপিএফ ও দমকল বিভাগ।স্থানীয়দের মতে, সময়মতো দমকল পৌঁছে না গেলে এই আগুন আরও বড় দুর্ঘটনার রূপ নিতে পারত। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।দমকলের এক আধিকারিক বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা আসি। তারপর আগুন নেভানোর কাজ শুরু হয়।রেলের এক আধিকারিক বলেন, কি কারণে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *