বিদেশ সফরে অভিষেক বন্দোপাধ্যায়কে হাইকোর্টের নিষেধাজ্ঞা আক্রমণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের
. *বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের করা একটা মামলায় কলকাতা হাইকোর্ট তার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বলেছে যে আদালতকে না জানিয়ে অভিষেক বন্দোপাধ্যায় দেশ ছাড়তে পারবেন না। এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যান দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল দুর্গাপুরে বলেন, অভিষেক বন্দোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের জন্য এত কাজ করেছেন এবং সারা বাংলায় নীল-সাদা হাসপাতাল তৈরি করেছেন।














এমন পরিস্থিতিতে যদি অভিষেক বন্দোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে হয়, তাহলে আমরা এমন ব্যবস্থা করবো যাতে তাকে দেশের বাইরে যেতে না হয়। তিনি আরো বলেন, অভিষেক বন্দোপাধ্যায়ের জন্য অবশ্যই এতটা করতে পারবো যে তাঁকে সরকারি হাসপাতালে এক বিছানায় তিনজন রোগীর সাথে ঘুমাতে না হয়।
পশ্চিমবঙ্গ সরকার অবশ্যই এমন ব্যবস্থা করবে যাতে অভিষেক বন্দোপাধ্যায়কে তাঁর চোখের বা অন্য কোনো ধরনের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে না হয়। এর পাশাপাশি, মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলের কর কমানো নিয়ে ভাবনাচিন্তা করছে। তিনি বলেন, আমরা যেটা বলি, সেটা করি। এটাই ডাবল ইঞ্জিন। তবে, বুঝতে হবে, এখন সময়টা অন্য। গোটা বিশ্বে একটা যুদ্ধের পরিস্থিতি রয়েছে। খানিকটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো। তাই মানুষকে একটু বুঝতে হবে।

