দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ঘরের আসবাবপত্র
. *বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়:* দুর্গাপুরের কুরুরিয়া ডাঙা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে একটি বাড়ির আসবাবপত্র, জামাকাপড়-সহ নিত্যপ্রয়োজনীয় বহু সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুরুরিয়া ডাঙা এলাকার বাসিন্দা পরিমল হালদারের বাড়িতে হঠাৎই আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, জ্বলন্ত ধূপকাঠি বা প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। প্রথমে ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।














কিছুক্ষণের মধ্যেই টালির চালের ফাঁক দিয়ে আগুনের শিখা বেরোতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও এলাকাবাসীদের যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে ঘরের আসবাবপত্র, জামাকাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায় বলে জানা গিয়েছে।
তবে আগুন লাগার সময় বাড়ির ভিতরে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও দমকলের অনুমান, অসাবধানতাবশতার কারণে এই আগুন লেগে থাকতে পারে। তবে, পুলিশ ও দমকলের তরফে আগুন লাগার সব কারণ খতিয়ে দেখা হচ্ছে।

