কুলটি বোরো কার্যালয়ে বিজেপি বিধায়ককে সংবর্ধনা, উন্নয়নমূলক কাজের আশ্বাস
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের কুলটি বোরো কার্যালয়ে সোমবার কুলটির বিজেপি বিধায়ক ডা. অজয় কুমার পোদ্দারকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে বোরো অফিসের ইঞ্জিনিয়ার, আধিকারিক ও কর্মীরা উপস্থিত থেকে বিধায়ককে সম্মান জানান। একই সঙ্গে বিজেপি কাউন্সিলর লালন মেহরা, ইন্দ্রাণী আচার্য, অমিত তুলসিয়ান এবং বিজেপি কুলটির চারটি মণ্ডলের সভাপতি ও কর্মীরাও উপস্থিত ছিলেন।এই অনুষ্ঠানে সৌজন্যমূলক আলোচনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় হয়।পরে বিধায়ক ডাঃ অজয় কুমার পোদ্দার বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনোভাবেও পরিবর্তন এসেছে। আমরা চাই একটি ভয়মুক্ত বাংলা।














যেখানে পুর পরিষেবা সাধারণ মানুষের সেবায় নিবেদিত থাকবে। প্রতিটি নাগরিকের মৌলিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না।তিনি আরো বলেন , বর্ষার আগে এলাকায় ওয়ার্ডভিত্তিক ড্রেনেজ ব্যবস্থা দ্রুত মেরামত করা প্রয়োজন, যাতে বৃষ্টির জল রাস্তায় বা বাড়িতে প্রবেশ না করে। পানীয় জলের পরিষেবা নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে সরবরাহ করার নির্দেশও দেন তিনি।এদিন বিধায়ক স্পষ্টভাবে বলেন, কোনো চাপের মধ্যে কর্মীরা কাজ করবেন না। স্বাধীনভাবে ও খোলামনে জনগণের সেবা প্রদান করতে হবে। তবে কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি সহ্য করা হবে না।স্বাস্থ্য পরিষেবা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে জানান, কুলটি এলাকার তিনটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র, বরাকর, কুমারডিহাতে উচ্চক্ষমতার হাই মাস্ট লাইট ও চারপাশে সম্পূর্ণ ঘেরার ব্যবস্থা করতে হবে।

এসব স্বাস্থ্যকেন্দ্রকে অসামাজিক কার্যকলাপ বা মাদকাসক্তদের আড্ডা স্থল হতে দেওয়া যাবে না বলে তিনি প্রশাসনের কাছে দাবি জানান। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবা পুনরায় চালু করার বা জেলা হাসপাতালের অধীনে আনার কথাও বলেন।এছাড়াও তিনি বলেন, কুলটি এলাকার একাধিক সড়ক উন্নয়ন ও মেরামত নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে নিয়ামতপুর থেকে ডিশেরগড় রোড দ্রুত মেরামত, বরাকর বেগুনিয়া থেকে সাঁকতোরিয়া ও ডি পর্যন্ত জরাজীর্ণ রাস্তার সংস্কার এবং বরাকর স্টেশন থেকে বেগুনিয়া হয়ে ডিশেরগড় পর্যন্ত সড়ক পুনর্নির্মাণের কাজ দ্রুত শুরু করার বিষয়টি।

