চুরুলিয়ায় পালিত কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী, শুরু ৪৬ তম নজরুল মেলা
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসানসোলের জামুড়িয়ার চুরুলিয়ায় মঙ্গলবার পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মজয়ন্তী। কবির জন্মভিটে চুরুলিয়াতে এই বিশেষ দিনটি উদ্যাপনের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ৪৬ তম ঐতিহ্যবাহী নজরুল মেলার।এদিন সকালে একটি বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে কবিপ্রণাম ও উৎসবের শুভ সূচনা করা হয়। প্রভাতফেরিটির উদ্বোধন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ উদয় বন্দ্যোপাধ্যায়। শোভাযাত্রাটি চুরুলিয়ার বিভিন্ন রাস্তা ও এলাকা পরিক্রমা করে।














এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রভাতফেরিটিকে এক অনন্য মাত্রা দেয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্রোহী কবির সুযোগ্য ভাতিষ্পুত্র আলী রেজাক। এছাড়াও নজরুল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, গবেষক এবং কবি-অনুরাগীরা এই জমকালো অনুষ্ঠানে শামিল হয়েছিলেন। চুরুলিয়ার বিভিন্ন পথ ঘুরে প্রভাতফেরিটি এসে শেষ হয় কবির সমাধিস্থলে।

সেখানে উপস্থিত অতিথি এবং সাধারণ মানুষেরা কবির স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।আয়োজকদের বক্তব্য, প্রতি বছরের মতো এবারও কবির ১২৭ তম জন্মজয়ন্তী এবং ৪৬ তম নজরুল মেলাকে কেন্দ্র করে চুরুলিয়াবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে। মেলা প্রাঙ্গণে আগামী দিনগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিকে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেলায় থাকবে স্টলও।

