আসানসোলে দুই বর্ধমানের ব্লাড ডোনার্স ভলেন্টিয়ারদের জেলা কনফারেন্স ও রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্সের উদ্যোগে বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবনে একটি বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, এই সংগঠনটি প্রবীর ধরের নেতৃত্বে গত ৪৩ বছর ধরে এই এলাকায় রক্তদান আন্দোলন করে আসছে। রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধরের নেতৃত্বে এই সংগঠনটি নিরন্তর রক্তদানের মতো মহান একটি কাজকে এগিয়ে নিয়ে চলেছে। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি রবীন্দ্র ভবনে সংগঠনের তরফে পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলার ব্লাড ডোনার্স মুভমেন্টে থাকা ভলেন্টিয়ারদের নিয়ে ২৭তম জেলা কনফারেন্সের আয়োজন করা হয়।













এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম। এছাড়া আসানসোলের বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়, এইচ এন মিশ্র, আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ সঞ্জিৎ চট্টোপাধ্যায়, আসানসোল পুরনিগমের কাউন্সিলার অশোক রুদ্র সহ অন্যান্য উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের তরফে অতিথিদের স্মারক দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে জেলাশাসক রক্তদাতাদের সার্টিফিকেট বা শংসাপত্র দিয়ে সম্মানিত করেন। অন্যান্য রক্তদাতাদের হাতে শংসাপত্রও তুলে দেন।

এই উপলক্ষে জেলাশাসক বলেন , এই সংগঠনটি গত ৪৩ বছর ধরে নিরন্তর রক্তদানের সঙ্গে যুক্ত রয়েছে। প্রবীর ধরের নেতৃত্বে তাঁরা রক্তদানকে একটি আন্দোলনে পরিণত করেছেন। তাই এই সংগঠনের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। কারণ যখন পরিবারের সদস্য বা অন্য কারোর রক্তের প্রয়োজন হয়, তখন এই ধরনের সংগঠনের প্রচেষ্টায় আমরা একজন মানুষের জীবন বাঁচাতে পারি। তিনি আরো বলেন, সুতরাং, সমাজের সকল স্তরে রক্তদানের গুরুত্ব ছড়িয়ে দেওয়া প্রয়োজন। যাতে আরও বেশি মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মের যুবকরা, রক্তদানের সঙ্গে যুক্ত হয়। রক্তের অভাবে কাউকে জীবন হারাতে না হয়।


