রাস্তা নোংরা করলে কড়া জরিমানা, ৩০ মে চালু হচ্ছে ‘স্বচ্ছ’ অ্যাপ: ঘোষণা পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগের কথা ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, আগামী ৩০ মে চালু হতে চলেছে নতুন মোবাইল অ্যাপ ‘স্বচ্ছ’। এর মাধ্যমে সাধারণ মানুষ রাস্তায় পড়ে থাকা ময়লার ছবি তুলে সরাসরি পুরসভাকে জানাতে পারবেন।মন্ত্রী আরো বলেন, শহরকে পরিষ্কার রাখতে শুধুমাত্র সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। তিনি আক্ষেপ করে বলেন, “মল বা বড় জায়গায় গেলে আমরা খুব ভদ্র আচরণ করি। কিন্তু রাস্তায় বেরিয়ে অনেকেই যেখানে সেখানে ময়লা ফেলি।













এই মানসিকতা বদলাতে হবে।তিনি বলেন, আগামী তিন মাস জুড়ে সচেতনতা অভিযান চালানো হবে। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, কর্মী থেকে সাধারণ মানুষ, সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানানো হবে। দিদিমণি শেখাবে, ভালোবাসবে, শাসনও করবে। কিন্তু তিন মাস পর কথা না শুনলে জরিমানা শুরু হবে, স্পষ্ট বার্তা মন্ত্রীর।সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সারা পশ্চিমবঙ্গে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর কাজও শুরু হবে।
পাশাপাশি ‘স্বচ্ছ’ অ্যাপের মাধ্যমে ময়লার ছবি পাঠালে দ্রুত পরিষেবা দেওয়ার জন্য ব্যাকএন্ড সাপোর্টও তৈরি করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে এই ব্যবস্থা চালু হবে।মন্ত্রী আরো জানান, বর্তমানে অনেক পুরসভায় প্রশাসনিক অস্থিরতা থাকলেও পরিষেবা ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের লক্ষ্য একটাই পশ্চিমবঙ্গকে পরিষ্কার ও সুন্দর রাখা।”রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে রাস্তায় ময়লা ফেললে কড়া জরিমানা করা হবে। চিপসের প্যাকেট, ডাবের খোসা, প্লাস্টিক বা অন্য কোনও আবর্জনা রাস্তায় ফেললেই শাস্তির মুখে পড়তে হবে।

