দুর্গাপুরে অভিনব প্রতারণার ঘটনায় চাঞ্চল্য তামা ও পেতলের জিনিস পরিষ্কারের পাউডার বিক্রির নামে সোনার গয়না লুঠ দুই যুবকের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তামা ও পেতলের জিনিস পরিষ্কারের নাম করে সোনার গয়না নিয়ে চম্পট দিলো ধোপদুরস্ত পোশাক পরে আসা দুই যুবক। তাদের গতিবিধির সবটাই ধরা পড়েছে সিসিটিভিতে।দুর্গাপুরের সিটি সেন্টারের মাতঙ্গিনী হাজরা রোডে শনিবারের এই প্রতারণার ঘটনা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ পাওয়ার পরে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ। জানা গেছে, এদিন সকাল এগারোটা ধোপদুরস্ত পোশাকআশাকে ভদ্রবেশে থাকা দুই যুবক দুর্গাপুরের সিটি সেন্টারের মাতঙ্গিনী হাজরা রোডের একটি বাড়িতে এসে বিশেষ পাউডার বিক্রির জন্য আসে ।













তারা দাবি করে যে এই পাউডার দিয়ে তামা ও পিতলের জিনিসপত্র খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। বাড়ির বৃদ্ধা গৃহকর্ত্রী কবিতা চৌধুরী তাদের কথায় বিশ্বাস করে নিজের গলার সোনার চেন, হাতের বালা ও আংটি পরিষ্কার করার জন্য দেন। অভিযুক্তরা পরিষ্কারের নাম করে আসল গয়নার বদলে নকল অলংকার রেখে সেখান থেকে চম্পট দেয়।কিছুক্ষণ পর কবিতা চৌধুরী বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। আশপাশের লোকেরা দৌড়ে আসেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়। বাড়ির সিসিটিভি ফুটেজে ঐ দুই যুবককে বাড়িতে ঢুকতে ও বেরোতে দেখা গেছে।

সিসিটিভির ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশের পক্ষ থেকে বাসিন্দাদের সতর্ক থাকার এবং অপরিচিত ব্যক্তিদের সহজে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।


