ASANSOL

সরকারি নির্দেশ মেনে আসানসোলের স্কুলে প্রার্থনায় ” বন্দেমাতরম ‘ গান

. *বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* রাজ্যে আসা নতুন সরকারের নির্দেশ ছিলো ১ জুন থেকে স্কুলে স্কুলে প্রার্থনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ” বন্দেমাতরম ” গান গাইতে হবে। সেই মতো জেলায় জেলায় ডিআই বা স্কুল পরিদর্শকদের সেই নির্দেশ ও গানটি পাঠানো হয়েছিলো। সেই মতো, এদিন সকালে আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলে প্রার্থনায় ” বন্দেমাতরম ” গানটি গাওয়া হয়। পড়ুয়াদের সঙ্গে স্কুলের টিআইসি বা টিচার ইনচার্জ পাপিয়া ঘোষ সহ অন্য শিক্ষিকারা গানে গলা মেলান। প্রসঙ্গতঃ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম’ গানটির প্রথম দুটি স্তবক ১৮৭৫ সালে রচিত হয়েছিল।

সেই হিসেবে ২০২৫ সালের ৭ নভেম্বর গানটি তার ১৫০তম বছর বা সার্ধশতবর্ষ পূর্ণ করেছে। সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গান ১৮৮২ সালে প্রকাশিত বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’-এ এটি প্রথম অন্তর্ভুক্ত হয়। ১৮৯৬ সালের কলকাতা অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানে সুর দিয়ে গেয়েছিলেন। ১৯৫০ সালে ভারতের সংবিধান এই গানটিকে ‘জাতীয় গান’ হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এর পাশাপাশি ভারতের স্বাধীনতা আন্দোলনে এই কবিতা বা গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।

এটি মাতৃভূমির প্রতি একটি স্তব, যা পরবর্তী ছত্রগুলোতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি দ্বারা প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল। তাই “মা” চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়। ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৫০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন-অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সংগীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্তোত্রের মর্যাদা দেওয়া হয়।

তবে একাধিক ভারতীয় মুসলিম সংগঠন বন্দে মাতরম গাওয়ার বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলো।১৯০৯ সালে শ্রীঅরবিন্দ বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করেন। ইংরেজি ভাষায় এই অনুবাদটি বহুল প্রচলিত। একাধিকবার এই গানটিতে সুরারোপ করা হয়। বন্দে মাতরম্ সঙ্গীতের প্রাচীনতম প্রাপ্ত অডিও রেকর্ডিংটি ১৯০৭ সালের। সমগ্র বিংশ শতাব্দীতে গানটি প্রায় একশোটি ভিন্ন সুরে রেকর্ড করা হয়েছিল। ২০০২ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সর্বকালের সর্বশ্রেষ্ঠ দশটি জনপ্রিয় গান নির্বাচনের একটি আন্তর্জাতিক সমীক্ষা চালায়। এই সমীক্ষায় ৭০০০ গানের মধ্যে থেকে হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত বন্দে মাতরম গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয়তম গান নির্বাচিত হয়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *