কুলটিতে পর পর দুই দিনে দুটি মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানা বড়িরা এলাকায় মঙ্গলবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ।সেই ঘটনার জের কাটতে না কাটতেই বুধবার সকালে আরো একটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করা হলো কুলটি পুনুড়ি এলাকার জঙ্গল থেকে। পরে পচাগলা ঐ যুবকের দেহ উদ্ধার করে কুলটি থানার পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় । ঘটনার খবর পেয়ে কুলটি থানার ইন্সপেক্টর ইনচার্জ অশোক সিং মহাপাত্র, এসিপি ( কুলটি) শেখ জাভেদ হুসেন, নিয়ামতপুর ফাঁড়ির আইসি মিহির কুমার দে সহ পুলিশ এলাকায় আসেন।













পুলিশ জানায়, মৃত যুবকের পরিচয় পাওয়া যায় নি। বয়স আনুমানিক ৪০ বছর। মৃতদেহতে পচন ধরেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে ঠিক কি কারণে ঐ যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান, কমপক্ষে তিনদিন আগে এই যুবকের মৃত্যু হয়েছে। এলাকার বাসিন্দারা বলেন, এদিন সকালে যে জায়গায় মৃতদেহটি পাওয়া গেছে, সেখানে সাধারণতঃ কেউ যায় না। এদিন সকালে কয়েকজন প্রাতঃকৃত্য করতে গিয়ে জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি এলাকার বাসিন্দাদের বলেন।


