ASANSOLDURGAPUR

দুর্গাপুরে ধৃত তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ” চোর চোর ” স্লোগান তদন্তের স্বার্থে বাড়ি ও অফিসে নিয়ে গেলো পুলিশ

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেসের নেতা দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে শুক্রবার প্রথমে তার বাড়িতে তারপর দলীয় কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে নিয়ে যেতেই এলাকার বিজেপি কর্মী ও সমর্থকেরা পুলিশের গাড়ি ঘেরাও করেন ও বিক্ষোভ দেখান। দেওয়া হয় ‘চোর চোর’ স্লোগানও। গত বুধবার তোলাবাজি ও সন্ত্রাসের অভিযোগে দুর্গাপুর নগর নিগমের বিদায়ী বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এই মামলার তদন্তের স্বার্থে শুক্রবার দুর্গাপুর নগর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সেখানে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা।

অভিযুক্ত নেতাকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও বিজেপির কর্মী-সমর্থকদের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশকে।পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের প্রয়োজনে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে বিভিন্ন তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হয়। রমাপ্রসাদ হালদারকে সেখানে নিয়ে আসার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিজেপির কর্মী ও সমর্থকরা। ক্রমশ উত্তেজনা বাড়তে থাকলে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এলাকায় উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরাও রমাপ্রসাদ হালদারকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কোনমতে পরিস্থিতি সামাল দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *