ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে লিকুইড বারুদ বোঝাই ট্যাঙ্কার উল্টে চাঞ্চল্য, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বারাবনি বিধানসভার পানুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মলডাঙ্গার কাছে তরল বা লিকুইড বারুদ বোঝাই একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার ঘটনা ঘটলো। শনিবার ভোরবেলার এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বারাবনি থানার পুলিশের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার ভোর ৫টা নাগাদ বীরভূম থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাচ্ছিলো প্রায় ৯ টন তরল বা লিকুইড বারুদ বোঝাই একটি ট্যাঙ্কার৷ বারাবনি থানার পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের মলডাঙ্গা এলাকার কাছে সামনে থাকা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় বারুদ বোঝাই ট্যাঙ্কারটি ।

খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ক্রেনের সাহায্যে উল্টে থাকা ট্যাঙ্কারটিকে সোজা করা হয়। এই দুর্ঘটনায় ট্যাঙ্কারের চালক ও খালাসি অক্ষত রয়েছেন। তাদের কোনকিছু হয়নি।তবে ট্রাক উল্টে যাওয়ার ফলে আনুমানিক এক টন তরল বারুদ নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বারুদ বোঝাই ট্যাঙ্কারের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও কোনও বিস্ফোরণ বা প্রাণহানির ঘটনা ঘটেনি।পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *