২০২১ ‘র ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব বিজেপি, চিত্তরঞ্জন থানায় তৃণমূলের তিন নেতার বিরুদ্ধে অভিযোগ
*বেঙ্গল মিরর, চিত্তরঞ্জন, রাজা বন্দোপাধ্যায়ঃ* পাঁচ বছর আগে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগকে সামনে এনে আবার আন্দোলনের পথে বিজেপি। চিত্তরঞ্জন ও সিমজুড়ি এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগে তৃণমূল কংগ্রেসের তিন নেতার বিরুদ্ধে চিত্তরঞ্জন থানায় লিখিত অভিযোগ দায়ের করলো বিজেপি নেতৃত্ব । একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভও দেখানো হয়।বিজেপির অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার পরিবেশ তৈরি হয়েছিল। সেই সময় বিজেপির একাধিক কর্মী ও সমর্থক আক্রান্ত হন।













অভিযোগের তির চিত্তরঞ্জনের তৃণমূল নেতা শ্যামল গোপ, মিঠুন মণ্ডল ও অমিত চক্রবর্তীর দিকে।দলীয় সূত্রের দাবি, শুধু হামলাই নয়, বিজেপির তৎকালীন এক মণ্ডল সভাপতির বাড়িতে সশস্ত্র চড়াও হওয়া, ভাঙচুর, মারধর এবং প্রাণনাশের হুমকির মতো ঘটনাও ঘটেছিল। এতদিন পর সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি।বিজেপি নেতৃত্বের আরো অভিযোগ, বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
তাই বাধ্য হয়েই থানার সামনে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নেওয়া হয়েছে।অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।এই অভিযোগকে কেন্দ্র করে রেল শহর চিত্তরঞ্জনের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে এখন সকলের নজর পুলিশের তদন্ত এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।তিন অভিযুক্তর এই অভিযোগ নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে, তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, গোটা বাংলায় এখন এইসবই করা হচ্ছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা তো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক।


