স্কুলের অফিসে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : স্কুলের অফিসের মধ্যে নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন এক বেসরকারি স্কুলের ভাইস প্রিন্সিপাল । অভিযুক্তের নাম রাজা প্রসাদ । ঘটনাটি অন্ডালের উখড়া এলাকার একটি সিবিএসই অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুলের ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উখড়া গ্রামের আড়ৎ পাড়া এলাকায় অবস্থিত ওই স্কুলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুলের অফিসকক্ষে ডেকে নিয়ে গিয়ে অসদাচরণ ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজা প্রসাদের বিরুদ্ধে । অভিযোগ, একাধিকবার ওই ছাত্রীর সঙ্গে এমন আচরণ করেছে ঐ শিক্ষক । পরিবারের সদস্যরা সম্প্রতি বিষয়টি জানতে পেরে শনিবার অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।













অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ । ঐ দিনই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে উখড়া ফাঁড়ির পুলিশ । রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । তদন্তের স্বার্থে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । একইসঙ্গে নির্যাতিত ছাত্রীর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে ।স্কুলের ভিতরে এমন ঘটনার অভিযোগ প্রকাশ্যে আসতেই অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে । অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা ।পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে এবং তদন্ত অব্যাহত রয়েছে ।


