রাজ্য মন্ত্রীদের দপ্তর বণ্টন, পিএইচই ও পিডব্লিউডি দপ্তরের দায়িত্বে ডাঃ অজয় কুমার পোদ্দার
বেঙ্গল মিরর, কলকাতা, রাজা বন্দোপাধ্যায়ঃ* দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের আনুষ্ঠানিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সহ মোট ৪১ জন মন্ত্রীর মধ্যে বিভিন্ন দপ্তরের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কুলটির বিধায়ক পূর্ণ মন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দারকে রাজ্যের দুটি গুরুত্বপূর্ণ দপ্তর—জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই) এবং পূর্ত দপ্তর (পিডব্লিউডি)র দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের পরিকাঠামো উন্নয়ন ও পানীয় জল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই দুই দপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।














অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের কাছেই রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার, বিদ্যুৎ এবং তথ্য ও সংস্কৃতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর।মন্ত্রীসভার অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরগুলির মধ্যে দীপক বর্মন পেয়েছেন স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তর। স্বপন দাশগুপ্তকে রাজ্যের নতুন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।এছাড়া নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ডাঃ ইন্দ্রনীল খান স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া এবং ভোক্তা বিষয়ক দপ্তর সামলাবেন।ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে দিলীপ ঘোষ পেয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর। অগ্নিমিত্রা পালকে দেওয়া হয়েছে নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর। অর্জুন সিং পেয়েছেন শ্রম ও পরিবহণ দপ্তর, এবং ডাঃ শঙ্কর ঘোষ দায়িত্ব পেয়েছেন সংসদীয় বিষয়ক ও পর্যটন দপ্তরের।নতুন দপ্তর বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্মে আরও গতি আসবে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত হবে বলে রাজ্য সরকারের তরফে আশা প্রকাশ করা হয়েছে।


