ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনির প্রাথমিক স্কুলে বড় দূর্ঘটনা থেকে রক্ষা ক্লাস চলাকালীন ভেঙে পড়লো প্লাস্টার, জখম তিন ছাত্র

*বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বারাবনি বিধানসভার আমনালা অবৈতনিক প্রাথমিক স্কুলে বুধবার সকালে তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন ছাদের প্লাস্টার ভেঙে পড়ার ঘটনা ঘটলো। এই ঘটনায় তিন ছাত্র আহত হয়েছে। তার মধ্যে একজনের মাথা ফেটে জখম হয়েছে। বাকি দুজনের হাত ও পায়ে আঘাত লাগে। আহতদের কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মাত্র কয়েক মাস আগে স্কুলের সংস্কার হয়েছে। নিম্নমানের কাজের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা ।

ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারাবনি থানার পুলিশ। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে, তাই অবিলম্বে ঠিকাদার ও ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করতে হবে। খবর পেয়ে আসেন বারাবনির বিধায়ক অরিজিৎ রায়।এই প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সন্তু দে বলেন, অন্যদিনের মতো এদিন সকালে ক্লাস চলছিলো।

তৃতীয় শ্রেণিতে সেই সময় ছাদ থেকে প্লাস্টার ভেঙে পড়ে। তা তিন ছাত্রের উপরে পড়ায় তারা জখম হয়। সঙ্গে সঙ্গে তিনজনকে কেলেজোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনি আরো বলেন, গত মার্চ মাসে স্কুল সংস্কারের কাজ করা হয়েছে। এতো তাড়াতাড়ি প্লাস্টার যে ভেঙে পড়বে বুঝতে পারিনি। গোটা বিষয়টি ব্লক প্রশাসনের আধিকারিকদের বলা হয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *