পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, দুর্গাপুর : তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীদের একাংশ । মঙ্গলবার ঘটনাটি ঘটে দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ে । রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একদিকে যেমন তৃণমূলের নেতাকর্মী জনপ্রতিনিধিদের একাংশ সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছেন কেউ কেউ শিকার হয়েছেন হেনস্থারও । আবার অন্যদিকে তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি দলত্যাগের পাশাপাশি জনপ্রতিনিধির পদ থেকেও পদত্যাগ করেছেন ।













এই আবহে দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হল বিজেপি কর্মীদের একাংশ । অন্যান্য দিনের মতো মঙ্গলবার অবশ্য পঞ্চায়েত সমিতির দপ্তরে আসেননি কল্যাণবাবু তবে দপ্তরে বসেছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় । মূলত তাকে উদ্দেশ্য করেই উপস্থিত বিজেপি কর্মীরা তার পদত্যাগের দাবিতে সোচ্চার হোন ।
বিজেপি কর্মী সপ্তর্ষি মণ্ডল, ভজন ঘোষরা বলেন তৃণমূল ক্ষমতা হারানোর পর এদের কোন কাজ নেই, মানুষকে কোন পরিষেবা দিতে পারছে না অথচ প্রতিদিন তারা দপ্তরে আসছেন । দপ্তরের ভিতর এসি চালিয়ে বসে থাকছেন ঘন্টার পর ঘন্টা । জনগণকে পরিষেবা দিতে না পারলে অবিলম্বে তারা পদত্যাগ করুক বলে দাবি করেন তারা । বিক্ষোভ চলাকালীন বিডিও অফিস চত্বরে সাময়িক উত্তেজনা তৈরি হয় ।বিষয়টি নিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় কে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি তাই জনগণের কাছে দায়বদ্ধ । আমরা দপ্তরে এসে শুধু বসে থাকি পরিষেবা দিনা এই কথা মিথ্যা বলে দাবি করেন তিনি ।



