ASANSOLRANIGANJ-JAMURIA

প্রতিশ্রুতির পাহাড়, কাজের দেখা নেই! জামুড়িয়ায় আসানসোল পুরনিগমের মেয়র পারিষদের বাড়ির সামনে মহিলাদের বিক্ষোভ

*বেঙ্গল মিরর, জামুড়িয়া ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ভোটের আগে একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘদিন কেটে যাওয়ার পরও এলাকার মৌলিক সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে আসানসোল জামুড়িয়ায় ৮ নং ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর তথা আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ সুব্রত ওরফে রানা অধিকারীর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন এলাকার বহু মহিলা।বিক্ষোভকারীদের মহিলাদের তরফে আশুতি কিস্কুর অভিযোগ, ভোটের আগে এলাকায় রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পানীয় জলের সুষ্ঠু পরিষেবার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ভোট শেষ হয়ে গেলেও বছরের পর বছর ধরে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় মহিলাদের আরো দাবি, বারবার জনপ্রতিনিধিদের কাছে সমস্যার কথা জানানো হলেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। বাধ্য হয়েই এদিন আমরা সুব্রত অধিকারীর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাই। দ্রুত সমস্যার সমাধানের দাবি তোলেন।মেয়র পারিষদের এই বিক্ষোভ নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে তার স্ত্রী শিল্পী অধিকারী বলেন, এলাকার বাসিন্দা কিছু মহিলা আমার বাড়িতে এসেছিলেন। তারা কাউন্সিলারের সঙ্গে কথা বলতে চাইছিলেন।

কিন্তু কাউন্সিলার বাড়িতে নেই। বাইরে আছেন। তারা তার সঙ্গে ফোনে কথা বলেছেন।বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।এলাকাবাসীর স্পষ্ট বার্তা, অবিলম্বে রাস্তা, নিকাশি ও পানীয় জলের সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *