দুর্গাপুরে পাকিস্তানের পতাকা উদ্ধারের অভিযোগ ঘিরে উত্তেজনা, অভিযুক্তকে আটক পুলিশের
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দেশবিরোধী কার্যকলাপের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল দুর্গাপুরের রায়ডাঙা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এক ব্যক্তির বাড়ির উঠোন থেকে পাকিস্তানের পতাকা উদ্ধারের পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাকে ঘিরে উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রায়ডাঙা এলাকার বাসিন্দা আশরাফুদ্দিন আহমেদের বাড়ির সামনে মঙ্গলবার সকালে পাকিস্তানের পতাকা দেখতে পান স্থানীয়রা।














এরপরই এলাকাবাসীর একাংশ তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখানো করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ। উত্তেজিত জনতার মাঝে থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে দেশবিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করে আসছেন। কয়েকদিন আগেও একই ধরনের ঘটনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
সেই ঘটনার জেরেই এদিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।তবে তার বিরুদ্ধে উঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আশরাফুদ্দিন আহমেদ। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।ঘটনার পর রায়ডাঙা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।পুলিশ জানায়, পরিস্থিতি সামাল দিতে এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


