ASANSOL

বেতন বৃদ্ধি হয়নি মেয়রের কাছে দরবার কাজ বন্ধ করলেন আসানসোল পুরনিগমের আশা কর্মীদের সুপারভাইজাররা

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ২০২৬ -২৭ অর্থ বর্ষের জন্য সোমবার পেশ করা রাজ্য বাজেটে আশা কর্মীদের বেতন বাড়ানো হলেও আশা কর্মীদের সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি। আশা কর্মীদের সুপারভাইজাররা এর প্রতিবাদে মঙ্গলবার আসানসোল পুরনিগমে এসে বিক্ষোভ দেখান। তারা এই বিষয়টি নিয়ে মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে কথা বলেন।পরে আশা কর্মীরা বলেন, সোমবার বাংলার বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত আমাদের বেতন বাড়ালেও আশা কর্মীদের সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি। তারা বলেন, বর্তমানে আমরা মাত্র ৬৫০০ টাকা বেতন পাই।

কিন্তু আমাদের নিজেদের কাজের পাশাপাশি আরো অনেক কাজ করতে হয়। অনেক সরকারি প্রকল্প বাস্তবায়নের জন্য তাঁদের কঠোর পরিশ্রম করতে হয়। কিন্তু তার জন্য আমরা কোন পারিশ্রমিক পাইনা। তারা আরো বলেন, রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রী বাংলার স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশংসা করলেও আশা কর্মীদের সুপারভাইজারদের কথা উল্লেখই করেননি। তারা বলেন, আমরা এত কঠোর পরিশ্রম করি। কিন্তু তার জন্য আমাদের স্বীকৃতিও দেওয়া হয় না। বেতনও বাড়ানো হয় না।

এর প্রতিবাদ জানাতে আমরা এদিন মেয়রের সঙ্গে দেখা করতে পুরনিগমে এসেছি। তারা জানিয়েছেন, আসানসোল পুরনিগম এলাকায় ৬৭ জন আশা কর্মী সুপারভাইজার এবং সমগ্র বাংলায় ১৪০০ জন সুপারভাইজার রয়েছেন। এদিন থেকে আমরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে দিচ্ছি। পেন ডাউন করছি অর্থাৎ আমরা আর কোনো কাজে অংশ নেবো না। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন , আশাকর্মীদের সুপারভাইজার এদিন আমার সঙ্গে দেখা করে বেতন বৃদ্ধির বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছেন। আশা কর্মীদের সুপারভাইজার জেলাশাসক এস পোন্নাবলমের সঙ্গেও দেখা করবেন ও নিজেদের দাবির কথা জানাবেন । মেয়র আরো বলেন, এ বিষয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে আসানসোল পুরনিগমের তরফে একটি চিঠি লেখা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *