ASANSOL

মেট্রোর ভাবনা আসানসোল ও দুর্গাপুরে নেই বার্নপুরে দামোদরে স্থায়ী সেতুর কথা সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চল ও শিলিগুড়িতে মেট্রো রেল চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে টেকনো-ইকোনমিক সমীক্ষার ঘোষণা করেছেন। বাজেটে এই দুই শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সমীক্ষা শুরু করার কথা বলা হয়েছে। এই ঘোষণার পরে আসানসোল শিল্পাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেট্রো প্রকল্পের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন অনেকেই। তবে অন্যদিকে, বার্নপুরের ল্যামেয়ার বা নেহেরু পার্ক সংলগ্ন দামোদর নদীর উপর দীর্ঘদিনের দাবি থাকা স্থায়ী সেতু নির্মাণের বিষয়ে বাজেটে কোনও উল্লেখ না থাকায় কিছুটা হলেও হতাশ পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দাদের একাংশ।

দক্ষিণবঙ্গের অন্যতম বৃহত্তর বনিকসভা ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফসবেকি গত তিন বছর ধরে এই সেতু তৈরি করার কথা বলে আসছে। মন্ত্রী সহ প্রশাসনের বিভিন্ন স্তরে এই নিয়ে তারা দরবার করেছেন। দিন কয়েক আগে দুর্গাপুরে প্রাক বাজেট নিয়ে পশ্চিম বর্ধমান সহ পাঁচটি জেলার ব্যবসায়ী, শিল্পপতি ও বিভিন্ন বনিকসভার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন রাজ্যের অর্থ মন্ত্রী। সেখানে ফসবেকির তরফ সভাপতি শচীন রায় নিজে অর্থ মন্ত্রীকে বার্নপুরের এই সেতুর কথা বলেছিলেন। উল্লেখ্য, একাধিকবার আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তথা রাজ্য পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বার্নপুর ও দামোদর নদীর উপর নির্মিত অস্থায়ী সেতু পরিদর্শন করেছেন।

সেই সময় তিনি স্থায়ী সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন। এরপর স্থানীয় মানুষের মধ্যে আশা তৈরি হয়েছিল যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই প্রকল্পের জন্য কোনও ঘোষণা বা বরাদ্দ থাকতে পারে। কিন্তু তা হয়নি। স্বাভাবিক ভাবেই তারা কিছুটা হলেও হতাশ। কারণ, বর্ষাকালে দামোদর নদীর জল বেড়ে গেলে বাঁশের তৈরি অস্থায়ী সেতু ভেসে যায়। এই বছরেও যে তার ব্যতিক্রম হবে না, তা বলাই যেতে পারে। সেতু ভেসে গেলে, প্রতিদিন এই সেতু ব্যবহার করা কয়েক হাজার মানুষকে ৫০/৬০ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হবে। কমপক্ষে তিন মাস এইভাবে তাদেরকে যাতায়াত করতে হবে।

কিন্তু, ২০২৬-২৭ অর্থ বর্ষের রাজ্য বাজেট পেশের পরে দেখা যায়, আসানসোল ও দুর্গাপুর মেট্রো সমীক্ষার কথা থাকলেও বার্নপুরে দামোদর নদীতে স্থায়ী সেতু নির্মাণ নিয়ে কোন ঘোষণা করা হয়নি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে দীর্ঘদিন ধরে দাবি থাকা এই সেতু প্রকল্প বাজেটে স্থান পেল না কেন? কেউ কেউ আবার মত প্রকাশ করেছেন যে মেট্রো প্রকল্পের সমীক্ষা শুরু হলেও স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের সঙ্গে জড়িত স্থায়ী সেতুর বিষয়টি সরকারের অগ্রাধিকারে থাকা উচিত ছিল।তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত বার্নপুরে দামোদর নদীতে স্থায়ী সেতু নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানো হয়নি।

ফলে এলাকাবাসীর মধ্যে জল্পনা ও প্রত্যাশা দুই-ই অব্যাহত রয়েছে।বুধবার এই প্রসঙ্গে ফসবেকির সভাপতি শচীন রায় বলেন, বনিকসভার তরফে আমি নিজে রাজ্যের অর্থ মন্ত্রী স্বপন দাসগুপ্তকে এই সেতুর কথা বলেছিলাম। বলেছিলাম এই সেতুর গুরুত্ব কতটা রয়েছে। অর্থ মন্ত্রী আমাদের কথা শুনে আশ্বস্ত করেছিলেন। সেই কারণে আমরা আশা করেছিলাম যে, এবারের বাজেটে এই সেতুর কথা থাকবে। কিন্তু তা হয়নি। শচীনবাবু আশা প্রকাশ করেন যে, রাজ্য বাজেটে না থাকলেও সরকার আগামী দিনে এই সেতু তৈরি করা নিয়ে সরকার ইতিবাচক কিছু পরিকল্পনা নেবে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *