কুখ্যাত বালি মাফিয়া মাখন পাল গ্রেফতার
বেঙ্গল মিরর, জামুড়িয়া, ২ জুলাই:* অবৈধ বালি পাচারের বিরুদ্ধে চলা লাগাতার অভিযানের মধ্যেই বুধবার জামুড়িয়া থানার পুলিশ কথিত বালি ব্যবসায়ী মাখন পালকে গ্রেফতার করল। আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আসানসোল আদালতে পেশ করা হয়। এই গ্রেফতারির পর জামুড়িয়া জুড়ে অবৈধ বালি কারবারের সঙ্গে যুক্ত মহলে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।*দীর্ঘদিনের অভিযোগ:* স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরেই মাখন পালের নাম কথিতভাবে অবৈধ বালি উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িয়ে আসছিল। এলাকায় তিনি ‘বালি মাফিয়া’ হিসেবেই পরিচিত। পুলিশের এই পদক্ষেপকে অবৈধ বালি কারবারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।














রাজনৈতিক প্রেক্ষাপট:* উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে জামুড়িয়ায় এক জনসভায় তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে মাখন পালের নাম উল্লেখ করে সতর্কবার্তা দিয়েছিলেন। অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। গ্রেফতারির পর সেই বক্তব্য ফের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।*অভিযান জোরদার:* প্রসঙ্গত, কয়েকদিন আগেই জাতীয় সড়ক ১৪-তে বিএলআরও-র অভিযানে গভীর রাতে অতিরিক্ত বোঝাই বালিভর্তি চারটি ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তারপর থেকেই প্রশাসন অবৈধ বালি ব্যবসার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে। মাখন পালের গ্রেফতারি সেই ধারাবাহিক অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে।
পুলিশ কী বলছে:* এ বিষয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, “পুরনো একটি মামলায় মাখন পালকে গ্রেফতার করা হয়েছে। বালিভর্তি একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছিল। সেই মামলাতেই এই গ্রেফতারি হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”*এলাকায় জল্পনা:* মাখন পালের গ্রেফতারের পর এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। অবৈধ বালি ব্যবসার সঙ্গে জড়িতদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর সবার। কয়েকদিন আগেই এই ব্যক্তিকে একটি হোটেলে বৈঠক করতেও দেখা যায় তারপর থেকেই ক্রমাগত চাপ বাড়ছিল আর এবার তার গ্রেফতারি পর অনেকটা স্বাভাবিক ছন্দে ফিরলো ব্যবস্থা বলেই অনুমান করা হচ্ছে।


