ধানবাদ থেকে উদ্ধার কুলটির দুই নাবালক ২৪ ঘন্টার মধ্যে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* ধানবাদ থেকে উদ্ধার হলো আসানসোলের কুলটি থানা এলাকার বাসিন্দারা দুই নাবালক। সম্পর্কে তারা মামাতো ভাই। তার মধ্যে একজনের বয়স ১১ ও অন্যজনের ৯ বছর। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তাদেরকে উদ্ধার করে বুধবার রাতে পুলিশ বাবা-মায়ের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, আসানসোলের কুলটি থানা এলাকার বাসিন্দা দুই নাবালক সম্পর্কিত মামাতো ভাই গত ২৯ জুন সোমবার বিকেল ৫টা নাগাদ এলাকায় খেলাধুলার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলো। কিন্তু তারা গভীর সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফেরেনি। এরপর বাড়ির লোক ও আত্মীয়-স্বজনরা এলাকায় তাদের খোঁজে তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাননি। পরের দিন ৩০ জুন মঙ্গলবার স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়।














বিষয়টির গুরুত্ব বিবেচনা করে পুলিশ একাধিক দল গঠন করে তাদের খোঁজে তল্লাশি শুরু করে। সেই তদন্ত ও তল্লাশি চলাকালীন রানিগঞ্জ স্টেশন থেকে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় যে, তারা দুজনে খেলাচ্ছলে ধানবাদগামী একটি ট্রেনে উঠে পড়েছে। এই তথ্যের ভিত্তিতে ধানবাদ স্টেশন থেকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা অবস্থায় ঐ দুই বালককে উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। ছেলেদেরকে খুঁজে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি দুই নাবালকের বাবা-মা ও পরিবারের সদস্যরা।


