ASANSOL

ডিপিএলে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ, একাধিক দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ বিএমএসের.

*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবিকে সামনে রেখে বুধবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (ডিপিএল)-এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস। প্রশাসনিক ভবনের মূল গেট অবরোধ করে শ্রমিকরা তাঁদের দীর্ঘদিনের দাবি-দাওয়ার পক্ষে স্লোগান দেন।আন্দোলনকারীদের অভিযোগ, শ্রমিক বিরোধী নীতির জেরে এখনও অস্থায়ী কর্মীদের যখন-তখন বদলি করা হচ্ছে। স্থায়ীভাবে কাজের নিশ্চয়তা নেই। পাশাপাশি একাধিক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তাঁরা। বিএমএস নেতৃত্বর দাবি, ডিপিএল হাসপাতালের ইনডোর বিভাগ অবিলম্বে পুনরায় চালু করতে হবে।

এছাড়াও অস্থায়ী শ্রমিকদের সরকারি নির্ধারিত হারে বেতন প্রদান, কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বকেয়া দাবিগুলি দ্রুত মেটাতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষকে অবিলম্বে পদক্ষেপ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়। এদিন বিক্ষোভ শেষে ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবি সহ একটি স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, দাবি পূরণে কর্তৃপক্ষ উদাসীন থাকলে আগামী দিনে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *