ASANSOLRANIGANJ-JAMURIA

জামুড়িয়ায় বেসরকারি কারখানায় দুর্ঘটনায় মৃত্যু কর্মীর ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা

*বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুড়িয়া শিল্পতালুকে বেসরকারি সুপার স্মেল্টার্স কারখানায় দুর্ঘটনায় মৃত্যু হলো এক কর্মীর। মঙ্গলবার সকালে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত কর্মীর নাম সন্তোষ কাহার। মৃত কর্মীর পরিবারের জন্য ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বুধবার কারখানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখান রানিগঞ্জের জেকে নগর ও আশপাশের এলাকার বাসিন্দারা। যা নিয়ে, কারখানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে, কারখানা কতৃপক্ষ আলোচনায় বসে দাবি পূরণ করার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে জামুড়িয়া শিল্পতালুকের এই বেসরকারি কারখানায় দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হন ৪৫ বছর বয়সি সন্তোষ কাহার। প্রথমে তাকে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুর পরে পরিবারের অভিযোগ ছিল, উপযুক্ত ক্ষতিপূরণ দিতে কারখানা কর্তৃপক্ষ দেরি করছে।

এর প্রতিবাদে বুধবার সকাল থেকে কারখানার গেটে বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে জামুড়িয়া থানার পুলিশ পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ ও মৃতের পরিবারের মধ্যে একাধিক দফায় আলোচনা হয়।শেষ পর্যন্ত বুধবার সন্ধ্যায় সবপক্ষের মধ্যে আলোচনায় দাবি পূরণ করার আশ্বাস মেলায় বিক্ষোভ তুলে নেওয়া হয়।বিজেপির জামুড়িয়া বিধানসভার কনভেনার ব্রিজমোহন পাসোয়ান বলেন, চুক্তি অনুযায়ী মৃত কর্মীর পরিবারকে ১৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ, শেষকৃত্যের জন্য ১ লক্ষ টাকা এবং সন্তানের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *