দক্ষিণ আফ্রিকায় এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিং চ্যাম্পিয়ানশিপে ভারতের কৃতিত্ব স্বর্ণ পদক সেল আইএসপির আধিকারিকের
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের বাসিন্দা সেল আইএসপি বা ইস্কো কারখানার আধিকারিক কুন্তল দাস গত ৩ জুলাই থেকে ১২ জুলাই দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান-প্যাসিফিক-আফ্রিকান পাওয়ারলিফটিং এবং ইকুইপড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করে এক অসাধারণ নৈপুণ্যের মাধ্যমে স্বর্ণপদক জয় করেছেন। তিনি ১২০ কেজি + এজ ক্যাটাগরিতে এম১ প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে আসানসোল শিল্পাঞ্চল, বাংলা ও দেশের জন্য সম্মান বাড়িয়েছেন।














এই প্রতিযোগিতায় এশিয়া, আফ্রিকা এবং প্যাসিফিক জুড়ে ২০টিরও বেশি দেশের ক্রীড়াবিদরা এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরুষ ও মহিলা উভয়ের জন্য বিভিন্ন ওজন বিভাগে ক্লাসিক ও ইকুইপড বেঞ্চ প্রেস এবং পাওয়ারলিফটিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। বার্নপুরে ফিরে আসার পর অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।এক সাক্ষাৎকারে সেল আইএসপির এজিএম (কোক ওভেন) কুন্তল দাস বলেন, এই প্রতিযোগিতায় নিজের সেরা পারফরম্যান্স দেওয়া বেশ চ্যালেঞ্জিং ছিল।

এই প্রতিযোগিতায় ক্লাসিক ও ইকুইপড বেঞ্চ প্রেসের পাশাপাশি পাওয়ারলিফটিং ইভেন্টও অন্তর্ভুক্ত ছিল। ভারতীয় দলের সদস্যরা উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছেন। পাওয়ারলিফটিং ইন্ডিয়ার ক্রীড়াবিদরা তাদের দক্ষতার উল্লেখযোগ্য উন্নতি করেছেন এবং অসাধারণভাবে পারফর্ম করছেন। তিনি আরো বলেন, বিদেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার জন্য তিনি কোনো সংস্থা বা এজেন্সির কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাননি।
এই বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তার আর্থিক পরিস্থিতি তাকে অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য , গত বছর জাপানের হিমেজিতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আফ্রিকা পাওয়ারলিফটিং (বেঞ্চপ্রেস) প্রতিযোগিতায় কুন্তল দাস পাওয়ারলিফটিং (বেঞ্চপ্রেস)-এর এম১ (১২০ কেজির বেশি) বিভাগে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জিতেছিলেন।
সেল আইএসপি বা ইস্কো অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল কুমার সুমন কুন্তল দাসকে অভিনন্দন জানিয়ে বলেন, কুন্তল দাস ক্রমাগত তার পারফরম্যান্সের উন্নতি করছেন। ভারতের প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক জিতে তিনি তার দেশ এবং সমগ্র সেল পরিবারের জন্য গৌরব বয়ে এনেছেন। শ্রমিক সংগঠন আইএনটিইউসির হরজিৎ সিং তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, কুন্তল দাসের পারফরম্যান্স বিদেশেও সেল আইএসপি বা ইস্কো কারখানার সম্মান বাড়িয়েছে পাওয়ারলিফটিংয়ের মতো কঠিন খেলায় চমৎকার পারফরম্যান্স এবং একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতার জন্য তিনি প্রশংসার যোগ্য।
সরকার এবং সেল আইএসপি বা ইস্কো কারখানা কতৃপক্ষের উচিত তাঁর পাশে দাঁড়ানো।বিজেপির রাজ্য নেতা পবন কুমার সিং কুন্তল দাসকে অভিনন্দন জানিয়ে বলেন , গত বছর কুন্তল দাস একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন। এই বছর তিনি তাঁর পারফরম্যান্সকে আরও উন্নত করেছেন এবং দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করে স্বর্ণপদক জিতে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। তার জন্য আমরা সবাই গর্বিত।


