১০ বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি দম্পতি ফের পুলিশের জালে! ২৪ গ্রাম হেরোইন উদ্ধার, চাঞ্চল্য কুলটিতে
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল,* রাজা বন্দোপাধ্যায়ঃ মাদকের কারবার যেন কিছুতেই রাশ টেনে ধরা যাচ্ছে না। এনডিপিএস আইনের ২০২০ সালের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরও ফের হেরোইন-সহ পুলিশের জালে ধরা পড়লেন কুলটির এক দম্পতি। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কুলটি ও সংলগ্ন এলাকায়।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন পাপ্পু আনসারি এবং তাঁর স্ত্রী সুবেতারা খাতুন। তাঁদের বাড়ি কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির বামুনডিহা মাদ্রাসা পাড়ায়।জানা যায়, নিয়ামতপুর ফাঁড়ির এসআই মিলন ভুঁই”র নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে রানিসায়ের মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।














তল্লাশিতে তাঁদের কাছ থেকে ২৪ গ্রাম হেরোইন উদ্ধার হয়। এছাড়াও মাদক পাচারের সঙ্গে সম্পর্কিত আরো কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ।তদন্তকারীদের দাবি, ধৃত দম্পতির বিরুদ্ধে এর আগেও এনডিপিএস আইনে মামলা হয়েছিল। ২০২০ সালের সেই মামলায় আসানসোলের বিশেষ এনডিপিএস আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়। পরে, তারা উচ্চ আদালত থেকে জামিন পান। সেই একই দম্পতির বিরুদ্ধে ফের মাদক পাচারের অভিযোগ সামনে আসায় প্রশাসনিক মহলেও প্রশ্ন উঠেছে, কিভাবে তারা আবারও এই অপরাধচক্রে সক্রিয় হলেন।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া হেরোইন বৃহত্তর মাদক পাচারচক্রের অংশ হতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদকের উৎস, সরবরাহের নেটওয়ার্ক এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়া জন্য আদালতে বিচারকের কাছে আবেদন জানিয়েছে কুলটি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।


