দুর্গাপুরে চাঞ্চল্য পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গলায় কাঁচির কোপ মদ্যপ স্বামীর, আটক
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পারিবারিক অশান্তির কারণে স্ত্রীর গলায় কাঁচির কোপ মদ্যপ স্বামীর। এই ঘটনায় জখম হন বছর ৩৪ র গৃহবধূ টুম্পা দাস। দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের উত্তর পল্লীতে শুক্রবার বিকেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে নিউটাউন শিপ থানার পুলিশ এলাকায় আসে ও রাজু দাস নামে জখম গৃহবধূর স্বামীকে আটক করে নিয়ে যায়। জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে কাজ সেরে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে উত্তর পল্লীর বাসিন্দা ফুচকা বিক্রেতা রাজু দাস। বন্ধ ঘরের মধ্যে স্বামী রাজু দাসের সঙ্গে পারিবারিক কারণে অশান্তি হচ্ছিল স্ত্রী টুম্পা দাসের।














তারই মধ্যে রাজু কাঁচি দিয়ে তাঁর স্ত্রীর গলায় এলোপাথাড়ি আঘাত করেন।টুম্পা দাসের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারা কোনমতে দরজা খুলে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের নিউটাউন শিপ থানার পুলিশ। আহত গৃহবধূকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ রাজু দাসকে আটক করে থানায় নিয়ে যায়। স্ত্রীকে কাঁচি দিয়ে কোপানোর কারণ স্পষ্ট না পুলিশের প্রাথমিক তদন্তের পরে অনুমান, পারিবারিক কারণে এই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে।এই ঘটনায় উত্তর পল্লী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


