ASANSOL

আসানসোলে ৪১.২৯ কোটি টাকার জল সরবরাহ প্রকল্পের সূচনায় অগ্নিমিত্রা পাল, ১.৩৫ লক্ষ মানুষ হবেন উপকৃত 

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগম এলাকায় পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে আরো মানুষের কাছে পৌঁছে দিতে রবিবার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল আসানসোলের ডামরার ১০ নং ডাঙ্গালে আয়োজিত এক অনুষ্ঠানে ৪১.২৯ কোটি টাকার ১১টি জল সরবরাহ প্রকল্পের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের পুর কমিশনার হিন্দোল দত্ত সহ অন্য আধিকারিকরা।

এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ডামরা, বরাকর এবং রামনগর পাম্প হাউসের ছয়টি পাম্প মোটরের ইলেক্ট্রো-মেকানিক্যাল কাজ, ডামরা পাম্প হাউস থেকে ১০ নং ডাঙ্গাল এবং মহিশীলা ওএইচআর পর্যন্ত ৬.৬৮ কিলোমিটার দীর্ঘ রাইজিং মেইন পাইপলাইন স্থাপন, বিভিন্ন এলাকায় নতুন বিতরণ পাইপলাইন স্থাপন, সড়ক পুনর্বাসন এবং বাড়িতে বাড়িতে জলের সংযোগ স্থাপন। ২৯.১২ কিলোমিটার ডিআই পাইপলাইন কেনা এই প্রকল্পের অন্যতম অংশ।

এই প্রকল্পগুলি মহিশীলা কলোনি, হারামদিহি, কালাঝাড়িয়া, নাঁকড়াসোতা, ১০ নং ডাঙ্গাল, বরাকক, নিংঘা, ইসমাইল এবং নবঘন্টি সহ বিভিন্ন এলাকার জল সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে। বলা হয়েছে , সমস্ত প্রকল্প ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাজ শেষ হলে, আনুমানিক ১,৩৫,০০০ মানুষ নিয়মিত এবং বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে উপকৃত হবেন। আধিকারিকরা জানিয়েছেন, এই প্রকল্পগুলির মাধ্যমে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জল সরবরাহ ব্যবস্থা আগের চেয়ে আরও আধুনিক ও কার্যকর হবে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে এমন অনেক এলাকার বাসিন্দারা স্বস্তি পাবেন।

মন্ত্রী বলেন, এই প্রকল্পের মাধ্যমে আসানসোল পুরনিগমের ওয়ার্ড নম্বর ৩৮, ৩৯, ৪১, ৪২, ৮৫, ৮৬ ও ৮৭-এর বাসিন্দারা উপকৃত হবেন। বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

তিনি আরো বলেন, অতীতেও এই উদ্দেশ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ বরাদ্দ করা হলেও তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি। তাই নতুন করে পাইপলাইন বসিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করতে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে।

ডিভিসির কাছ থেকে জল সরবরাহ নিয়ে অতীতের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পাল বলেন, কেন্দ্রের সংস্থা বা অন্য কাউকে দোষারোপ করার রাজনীতিতে আমরা বিশ্বাসী নই। তাঁর বক্তব্য, মানুষের দেওয়া দায়িত্ব পালন করাই সরকারের প্রধান লক্ষ্য এবং সেই লক্ষ্যেই উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *