ASANSOL

মাইথনে ডিভিসির উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার, আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, পুলিশের মধ্যস্থতায় কাটল জট

*বেঙ্গল মিরর, মাইথন, রাজা বন্দোপাধ্যায়ঃ* ডিভিসির উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে রবিবার চরম উত্তেজনা ছড়ালো মাইথনের লেফ্ট ব্যাংক এলাকায়। নিজস্ব আবাসন ভাঙার পাশাপাশি সাধারণ মানুষের ব্যক্তিগত বাড়ি ও দোকান ভাঙার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে। যার জেরে শনিবার থেকে শুরু হওয়া এই উচ্ছেদ প্রক্রিয়ার মাঝেই পথ আটকে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।জানা গেছে, লেফ্ট ব্যাংক এলাকায় ডিভিসি-র নিজস্ব সুরক্ষা বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ।

প্রায় ১১০টি ডিভিসি আবাসন বা কোয়ার্টার ভাঙার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজেদের কোয়ার্টার ভাঙার পাশাপাশি লেফ্ট ব্যাংক এলাকায় সাধারণ মানুষের তৈরি ব্যক্তিগত (প্রাইভেট) আবাসন ও দোকানে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে সেগুলিও ভেঙে ফেলা হবে বলে ভয় দেখানো হচ্ছে।

কোনো আগাম নোটিশ ছাড়াই এই ধরনের হুমকির মুখে পড়ে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা শিপ্রা মুখোপাধ্যায় ক্ষোভ উগরে দিয়ে বলেন, কোন আগাম নোটিশ ছাড়াই ডিভিসি এলাকায় এসে আমাদের ব্যক্তিগত আবাসন ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে। এই জায়গাটা যে ডিভিসির, তার সপক্ষে কোনো সঠিক কাগজপত্র আগে দেখাক কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, আমাদের জানা মতে, এখানে বন দপ্তর এবং ভেস্টেড (খাস) জমি রয়েছে।

যেখানে বিগত ৫০ বছর ধরে বহু গরিব মানুষ ঘরবাড়ি ও দোকানপাট করে জীবনযাপন করছেন। এখন হঠাৎ সেই জমির দিকে ডিভিসি নজর দিয়েছে।”উচ্ছেদকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন পুলিশ আধিকারিকরা হস্তক্ষেপ করেন।

পুলিশের মধ্যস্থতায় ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের রাস্তার মধ্যেই কথা বার্তা হয়। সেখানে ডিভিসি আধিকারিকরা আশ্বস্ত করেন যে, কোনো প্রকার আইনি নোটিশ ছাড়া আপাতত কোনো ব্যক্তিগত (প্রাইভেট) আবাসন বা দোকান ভাঙা হবে না।ডিভিসি কর্তৃপক্ষের এই মৌখিক আশ্বাসের পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। বাসিন্দারা বিক্ষোভ তুলে নেন। কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *