রামপুর চেকপোস্টে ঘুষ ও তোলাবাজির মামলা গ্রেফতার এক হোটেল মালিক
*বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা ঝাড়খণ্ড সীমান্তে কুলটি থানার রামপুর এমভিআই চেকপোস্টে তোলাবাজি ও দুর্নীতির তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। তিনি এলাকায় ‘মামা’ নামে পরিচিত ও একটি হোটেলের মালিক।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কুলটি থানার পুলিশ অভিযানে নেমে হোটেল থেকে অভিজিৎ ঘোষকে গ্রেফতার করে। বুধবার তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয়।














১৯ নং জাতীয় সড়কের রামপুর চেকপোস্টে অবৈধ অর্থ আদায় ও তোলাবাজি চক্রের সঙ্গে এই হোটেল মালিকের যোগ সূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ । সেই কারণে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে বিচারকের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
উল্লেখ্য, এই রামপুর এমভিআই চেকপোস্টে দুর্নীতি ও অবৈধভাবে ট্রাক আটকে অর্থ আদায়ের অভিযোগে ইতিমধ্যেই দুই মোটর ভেহিকেলস ইন্সপেক্টর বা এমভিআইকে প্রথমে সাসপেন্ড করে রাজ্যের পরিবহন দপ্তর। পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। এই মামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে কুলটি থানার পুলিশ।

