ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে আবারও পুলিশের অভিযান বাজেয়াপ্ত অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, গ্রেফতার চালক

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* অবৈধ বালি কারবারের বিরুদ্ধে সালানপুর থানার পুলিশের অভিযান জারি রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে আবারও সফল অভিযান চালিয়ে বালি বোঝাই একটি ট্রাক্টর বাজেয়াপ্ত করল রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাক্টরের চালককে। ধৃতের নাম উমেশ সোরেন।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ৪টে নাগাদ রূপনারায়ণপুর ফাঁড়ির একটি দল গোপন সূত্রে খবর পেয়ে জিৎপুর এলাকায় আচমকাই অভিযান চালায়।

এই অভিযানে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। ট্রাক্টরের চালককে বালি পরিবহনের বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি তা দেখাতে পারেননি। এরপরই চালককে গ্রেফতার করার পাশাপাশি ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে পুলিশ।ধৃত উমেশ সোরেনকে বুধবার আসানসোল আদালতে পেশ করা হয়। বালি পাচারের এই চক্রের মূল শিকড় পর্যন্ত পৌঁছাতে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ধৃতকে ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

তদন্তে আরও জানা গেছে যে, বাজেয়াপ্ত হওয়া ট্রাক্টরটির মালিক লাল্টু মান্না নামে এক ব্যক্তি। যিনি স্থানীয় শাসক দলের সঙ্গে যুক্ত বলে সূত্রের দাবি। স্থানীয় সূত্র মারফত খবর, সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি জিৎপুর এলাকায় বেআইনিভাবে বিপুল পরিমাণ বালি মজুদ করে রেখেছিলেন। রূপনারায়ণপুর সংলগ্ন এলাকায় পুলিশের নজর এড়াতে সাধারণত রাতের অন্ধকারেই চলত এই কারবার।

বেশ কিছুদিন ধরে মজুদ করা সেই বালি রাতের বেলা চড়া দামে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।এই অবৈধ বালি সিন্ডিকেটের পেছনে আর কাদের হাত রয়েছে ও এই বালির মূল উৎস কোথায়, তা খতিয়ে দেখতে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *