ASANSOL

সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য আসানসোলে বিজেপির ‘লাভার্থী সম্পর্ক অভিযান’

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সমাজের একেবারে সব স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘লাভার্থী সম্পর্ক অভিযান’ নামে নতুন কর্মসূচির ঘোষণা করলো বিজেপি। শুক্রবার আসানসোলে ১৯ নং জাতীয় সড়কের শীতলায় দলের জেলা কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সভাপতি দেবতনু ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

দেবতনু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছালেও অনেক ক্ষেত্রেই যোগ্য উপভোক্তারা আবেদন প্রক্রিয়ার জটিলতা বা প্রয়োজনীয় সহায়তার অভাবে প্রকৃত সুবিধা থেকে বঞ্চিত হন। সেই সমস্যার সমাধান করতেই ‘লাভার্থী সম্পর্ক অভিযান’ শুরু করা হচ্ছে।তিনি আরো বলেন, এই কর্মসূচির আওতায় বুথ স্তর থেকে শুরু করে দলের সর্বস্তরের কর্মী ও নেতৃত্ব যোগ্য ব্যক্তিদের সরকারি প্রকল্পে আবেদন করতে সহায়তা করবেন।

আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথি সংগ্রহ, আবেদন জমা দেওয়া থেকে শুরু করে পরবর্তী ফলোআপ পর্যন্ত প্রতিটি পর্যায়ে সহযোগিতা করা হবে।তাদের দাবি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ‘অন্ত্যোদয়’ দর্শনকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য হল সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। তারা বলেন, এই অভিযানে ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাও ব্যবহার করা হবে।

গুগল ফর্ম ও বিশেষ অ্যাপের মাধ্যমে উপভোক্তাদের তথ্য, আবেদনপত্রের অগ্রগতি এবং বিভিন্ন সমস্যার তথ্য সংগ্রহ করা হবে। সংগঠনের উচ্চস্তর থেকে সেই তথ্যের ভিত্তিতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই প্রায় এক হাজার উপভোক্তাকে নিয়ে এই কর্মসূচির পাইলট প্রকল্প পরিচালিত হয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবার বৃহত্তর পরিসরে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানানো হয়েছে, শনিবার সকাল ১১টায় আসানসোলের রবীন্দ্র ভবনে এক অনুষ্ঠানে ‘লাভার্থী সম্পর্ক অভিযান’-এর আনুষ্ঠানিক সূচনা হবে। ওই অনুষ্ঠানে শক্তিকেন্দ্র প্রমুখ ও ঊর্ধ্বতন সংগঠনিক নেতৃত্বের জন্য প্রশিক্ষণমূলক কর্মশালারও আয়োজন করা হয়েছে।

বিজেপির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, এই অনুষ্ঠানে রাজস্থানের বিধায়ক জিতেন্দ্র কুমার গোথওয়াল, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চৌধুরী, দলের একাধিক বিধায়ক এবং জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন।দলের তরফে দাবি করে বলা হয়েছে , সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই কর্মসূচিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। যাতে কোনও যোগ্য ব্যক্তি তথ্যের অভাব বা প্রশাসনিক জটিলতার কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *