ASANSOL

নতুন সরকারকে ক্ষমতা দাও, তবে বিরোধীকেও বাঁচিয়ে রেখো” মা কল্যাণেশ্বরীর দরবারে তৃণমূল বিধায়ক মদন মিত্র

*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের কুলটিতে মা কল্যাণেশ্বরী মন্দিরে সোমবার পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্র। কলকাতা থেকে মন্দিরে এসে পুজো দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন সরকার এবং গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।মা কল্যাণেশ্বরীর প্রতি মানুষের গভীর আস্থার কথা উল্লেখ করে মদন মিত্র বলেন, মানুষের বিশ্বাস ও ভক্তি নিয়ে তাঁরা মায়ের দরবারে আসেন। মায়ের কাছে করা তাঁদের মনস্কামনা পূর্ণ হয়। সেই বিশ্বাস থেকেই আমি রাজ্যের মানুষের সুখ-শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে পুজো দিয়েছি ।

রাজ্যে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার আবেদন জানিয়ে মদন মিত্র বলেন, সাধারণ মানুষ মারামারি, হিংসা কিংবা অশান্তি চান না। বাংলায় শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ ফিরে আসুক, এটাই আমার প্রার্থনা।নতুন রাজ্য সরকার প্রসঙ্গে মদন মিত্র বলেন, তরুণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার রাজ্যে এসেছে। তারা ভালো কাজ করুন। তাদের ভালো শক্তি দিক। এদিন মায়ের কাছে সেই প্রার্থনাই করে গেলাম। বললাম, নতুন সরকারকে ক্ষমতা দাও, পাশাপাশি বিরোধীকেও বাঁচিয়ে রেখো।

কারণ এটা গণতান্ত্রিক ব্যবস্থায় অপরিহার্য। গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, বিরোধী দল ছাড়া গণতন্ত্র কখনও পূর্ণতা পেতে পারে না। সরকারকে সঠিক পথে পরিচালিত করতে বিরোধীদের পরামর্শ, সমালোচনা ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত জরুরি। একইসঙ্গে সরকারেরও নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মদন মিত্র বলেন, এই মুহূর্তে রাজ্য জুড়ে যে অশান্তি ও বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে, তা দ্রুত পরিবর্তন হবে বলে তিনি আশাবাদী। আগামী দিনে বাংলায় ফের শান্তি ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন সরকারের নেতৃত্বে রাজ্যের মানুষের জন্য ভালো কাজ হবে, এই প্রত্যাশাও ব্যক্ত করেন তৃণমূল বিধায়ক।মা কল্যাণেশ্বরীর দরবারে এসে পশ্চিমবঙ্গের মানুষের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন মদন মিত্র।প্রসঙ্গতঃ, মদন মিত্র এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে ঋতব্রত বন্দোপাধ্যায়ের সঙ্গে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *