ASANSOL

বামেদের জেল ভরো কর্মসূচীকে কেন্দ্র করে আসানসোলে ধুন্ধুমার ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, ধৃত মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সিপিএমের নেতৃত্ব

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্র সরকারের নতুন শ্রম কোড বাতিল সহ একাধিক দাবির সমর্থনে বামেদের ‘জেল ভরো’ কর্মসূচীকে কেন্দ্র করে সোমবার চরম উত্তেজনা ছড়ালো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। আন্দোলনকারীদের আটকাতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়।প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে এদিন আসানসোলের চেলিভাঙা এলাকা থেকে বাম কর্মী-সমর্থকদের একটি বিশালাকার মিছিল বেরোয়। মিছিলটি ভগৎ সিং মোড় হয়ে বার্নপুর রোড ধরে এগোতে থাকে। শহরের আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় আগেই একাধিক ব্যারিকেড গড়ে তোলা হয়েছিল।

তবে আন্দোলনকারীদের উত্তাল মিছিলটি পুলিশ লাইনের সামনে পৌঁছালেই প্রথম ব্যারিকেডটি ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তৎক্ষণাৎ মিছিল আটকানোর চেষ্টা করলে বাম কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও তীব্র ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিছুক্ষণের জন্য পুরো এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি তৎপরতায় অবশেষে পরিস্থিতি আয়ত্তে আসে।কিন্তু, তার আগে পুলিশ সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অনেক নেতা ও কর্মীরা গ্রেফতার করা হয়।

তাদেরকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাদেরকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। অন্যদের মধ্যে ছিলেন সিপিএমের রাজ্য নেতা পার্থ মুখোপাধ্যায় ও জেলা সভাপতি গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন নানা ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের দুই সরকারকেই আক্রমণ করেন। এদিনের বামেদের এই আন্দোলনকে কেন্দ্র করে শহরের ব্যস্ততম রাস্তায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। দূর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদেরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *