২০০ ফুটের বিশাল জাতীয় পতাকা হাতে আসানসোলে তিরঙ্গা র্যালি, দেশাত্মবোধের আবেগে পা মেলালেন সর্বস্তরের মানুষ
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* স্বাধীনতা দিবসের আগে ‘হর ঘর তিরঙ্গা বা প্রতি বাড়িতে তেরঙ্গা ’ কর্মসূচিকে ঘিরে দেশাত্মবোধের আবেগে ভাসল আসানসোল। সোমবার দুপুরে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে থেকে পোল বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি। র্যালির অন্যতম আকর্ষণ ছিল ২০০ ফুট দীর্ঘ বিশাল জাতীয় পতাকা। সেই পতাকা হাতে নিয়ে রাস্তায় পা মেলান একাধিক স্কুলের ছাত্রছাত্রী, সাধারণ মানুষ, সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার বা সিপি ডাঃ প্রণব কুমার, তিন বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, অরিজিৎ রায় ও পার্থ ঘোষ।














প্রসঙ্গতঃ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের সমস্ত জেলা ও ব্লকে সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘হর ঘর তিরঙ্গা’ পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, দুর্গাপুর এবং বিভিন্ন ব্লকে তিরঙ্গা র্যালি, রঙ্গোলি অনুষ্ঠান এবং সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকা বিতরণ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন রবীন্দ্র ভবন থেকে শুরু হওয়া র্যালিতে ২০০ ফুটের বিশাল জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধের স্লোগান ও আবেগের সঙ্গে মিশে যায় এই র্যালি। র্যালিটি জিটি রোডের ভগৎ সিং মোড়, বার্নপুর রোড, কোর্ট মোড়ে হয়ে পোলো গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবালম বলেন, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সামনে রেখে ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।
সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, সপ্তাহ জুড়ে রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে। সরকারি আধিকারিক, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী-সহ সর্বস্তরের মানুষ এতে অংশ নিচ্ছেন।
জাতীয় পতাকা হাতে একসঙ্গে রাস্তায় পা মিলিয়ে দেশের গণতন্ত্র ও আইনের প্রতি আস্থা রাখার বার্তাই তুলে ধরা হচ্ছে বলে তিনি জানান।স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২০০ ফুটের বিশাল জাতীয় পতাকা নিয়ে এই র্যালি আসানসোল শহরে দেশপ্রেমের আবহ আরও উজ্জ্বল করে তোলে। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।


