বাংলা ঝাড়খণ্ড সীমানায় গৌরক্ষা কমিটির তৎপরতা কুলটির চেকপোস্টে গবাদি পশু বোঝাই ট্রাক আটক পুলিশের, গ্রেফতার চালক সহ ৪
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা ঝাড়খণ্ড রাজ্য সীমানায় গবাদি পশু পাচারের ছক ভেস্তে দিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। সোমবার সকালে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে অভিযান চালিয়ে গরু ও মোষ বোঝাই একটি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক সহ মোট চার জনকে প্রথমে আটক করে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। পরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডের মাইথন এলাকা থেকে একটি ট্রাকে প্রচুর পরিমাণে গরু ও মোষ বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রে সেই খবর পৌঁছায় বিশ্ব হিন্দু পরিষদের গৌরক্ষা কমিটির কাছে। খবর পাওয়া মাত্রই কমিটির সদস্যরা বিষয়টি চৌরঙ্গী ফাঁড়ির পুলিশকে জানান।














সেই তথ্যের ভিত্তিতে পুলিশ দেরি না করে সঙ্গে সঙ্গে ডুবুরডিহি চেকপোস্টে নাকা চেকিং শুরু করে। সেই সময় মাইথন থেকে আসা সন্দেহভাজন ট্রাকটিকে আটক করে পুলিশ। এরপরে ট্রাকে তল্লাশি চালিয়ে একাধিক গরু ও মোষ উদ্ধার হয়। পশু পরিবহণ সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র ও নথি দেখাতে না পারায় ট্রাকের চালক ও তার সঙ্গীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

পরে তাদেরকে পুলিশ গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ঘটনা প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ গৌরক্ষা কমিটির প্রতিনিধি চন্দ্রশেখর সাউ বলেন, এদিন সকালে আমরা জানতে পারি এই গরু-মোষগুলো মাইথন থেকে লোড করা হয়েছিল। ট্রাকের চালকের সাথে কথা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এগুলি বাংলাদেশ সীমান্তের দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ ঠিক সময়ে ট্রাকটিকে আটক করেছে। আমরা চাই দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।গবাদি পশুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচার চক্রের পেছনে অন্য কোনো বড় মাথার হাত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে।


