Tuesday, August 18, 2026
Latest:

Bengal Mirror

Think Positive

Bengal Mirror
Tuesday, August 18, 2026
Latest:
Bengal Mirror
ASANSOL

প্রবল বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের রেলপার, বাড়িতে আটকে ৭ জনকে উদ্ধার সিভিল ডিফেন্স দলের

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আসানসোল শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টির জেরে আসানসোলের রেলপার এলাকার একাধিক মহল্লায় জল ঢুকে পড়ে। বেশ কিছু বাড়ির ভেতরেও জল ঢুকে যাওয়ায় আটকে পড়েন বাসিন্দারা। অনেক বাড়ির একতলার পুরোটাই জলের তলায় চলে যায়। প্রাণে বাঁচতে তারা বাড়ির দোতলা ও ছাদে আশ্রয় নেন। স্বাভাবিক ভাবেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। এই পরিস্থিতির খবর পেয়ে উদ্ধারকার্যে নামে পশ্চিম বর্ধমান জেলার সিভিল ডিফেন্সের কিউআরটি বা কুইক রেসপন্স টিম।

তারা রেলপার এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ৭ জনকে নিরাপদে উদ্ধার করেন।জানা গেছে, কসাই মহল্লা থেকে মোট ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে ছিলেন ৬ বছরের এক শিশু কন্যা, এক গর্ভবতী মহিলা, এক মহিলা এবং দুই যুবক। পাশাপাশি জাহাঙ্গীর মহল্লা থেকে দু’জনকে উদ্ধার করা হয়। যাঁদের মধ্যে একজন ছিলেন বয়স্ক ব্যক্তি। অন্যজন এক যুবক।

প্রবল জলস্রোত ও জলমগ্ন পরিস্থিতির মধ্যেই ঝুঁকি নিয়ে সিভিল ডিফেন্সের কিউআরটি টিম উদ্ধার অভিযান চালায়। দ্রুততার সঙ্গে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।টানা বৃষ্টিতে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি উদ্ধারকারী দলগুলির তৎপরতায় স্বস্তি পেয়েছেন জলমগ্ন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *