আসানসোল বিএনআর ক্লাবের নানা অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন
বেঙ্গল মিরর, আসানসোলঃ* বিগত বছরগুলোর এই বছরও শনিবার দেশের ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলো আসানসোলে বিএনআর বা বঙ্কিম নজরুল রবীন্দ্র ক্লাব। জিটি রোডের বিএনআর মোড় সংলগ্ন ক্লাব প্রাঙ্গনে এদিন সকাল থেকে স্বাস্থ্য শিবির, চক্ষুপরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো। জাতীয় পতাকা উত্তোলন করেন রক্তদান আন্দোলনের নেতা প্রবীর ধর । আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবিরে ১৯ জন রক্ত দান করেন । পুনরদৃষ্টি আই হসপিটালর সহযোগিতায় আয়োজিত চক্ষু পরীক্ষা শিবিরে সাধারণ মানুষের চোখের পরীক্ষা করা হয়। তার মধ্যে চারজনের চোখে ছানি ধরা পড়ে। এদের অপারেশন করা হবে। বিকেলে হয় এক আলোচনা সভা।














“নারীদের একাল সেকাল” শীর্ষক সেই আলোচনা সভায় শিক্ষায় নারীদের ভূমিকা ,(শিক্ষিকা শঙ্করী চক্রবর্তী), সাহিত্যে নারীদের ভূমিকা(সাহিত্যিক অর্পিতা ঠাকুর),রাজনীতিতে নারীদের ভূমিকা,(জেলা সংগঠন নেত্রী সুদীপ্তা পাল),সমাজ সংস্কারে নারীদের ভূমিকা(অধ্যাপিকা ডঃ অর্পিতা চক্রবর্তী), মুসলিম সমাজে নারীদের ভূমিকা(শিক্ষিকা বেগম উন্নিসা),কংগ্রেসে নারীদের ভূমিকা(জেলার কংগ্রেস নেত্রী মেঘনা মান্না)বৃহন্নলা সমাজে নারীদের ভূমিকা (বৃহন্নলা সমাজের সংগঠক নেত্রী সুমিতা দেবী)এবং চলচ্চিত্রে নারীদের ভূমিকা(অধ্যাপিকা ডঃ নীলাঞ্জনা রায় চৌধুরী) নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভা সঞ্চালনা করেন সাংবাদিক নীলোৎপল রায় চৌধুরী।
এরপরে সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে ৩৬ জন লিটিল ম্যাগাজিন সম্পাদক , ঐতিহ্য সংবাদপত্রের সম্পাদিকা দেবযানী সিনহা, সাংবাদিক রাজা বন্দ্যোপাধ্যায় , সৌরদীপ্ত সেনগুপ্ত এবং রাস্তার মাস্টার দীপনারায়ণ নায়ককে সম্বর্ধনা জানানো হয় ।কবিতাপাঠ, সংগীত পরিবেশন ও বাউলগানের মধ্যে দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করবী রায়চৌধুরী।ক্লাবের সম্পাদক কল্যাণ মন্ডল এবং যুগ্ম সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় সহ ক্লাবের সদস্যরা ২৬ বছর ধরে ১৫ আগস্ট স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে প্রতিবছর ক্লাবের বার্ষিক উৎসবের আয়োজন করছেন।


