ASANSOL

মাইথনে ডিভিসির ফ্লোটিং সোলার প্রজেক্ট দাবি না মানায় সমন্বয় বৈঠক বয়কট গ্রামবাসীদের, অনিশ্চয়তা

*বেঙ্গল মিরর, মাইথন, রাজা বন্দোপাধ্যায়ঃ* জলাধার বা ড্যামের জলে সোলার প্যানেল বসানোকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত মাইথন এলাকা। মাইথন জলাশয়ে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের প্রস্তাবিত ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে আয়োজিত সমন্বয় বৈঠক কোনো রফা সূত্র ছাড়াই অসফলভাবে শেষ হলো। বিনামূল্যে বিদ্যুৎ, স্থানীয়দের স্থায়ী চাকরি ও এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে সরব হয়ে বৈঠক বয়কট করলেন স্থানীয় গ্রামবাসীরা।শুক্রবার সালানপুর ব্লকের কালিপাথর ও রামচন্দ্রপুর কমিউনিটি হলে প্রশাসনিক আধিকারিক, ডিভিসি কর্তৃপক্ষ এবং স্থানীয় গ্রামবাসীদের মধ্যে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সালানপুর বিডিও অফিসের প্রতিনিধি, সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ।উচ্ছেদ হওয়া পরিবারের প্রতিনিধিদের অভিযোগ, মাইথন ড্যাম নির্মাণের সময় থেকেই তাঁদের স্থায়ী চাকরি, বিনামূল্যে বিদ্যুৎ, উন্নত শিক্ষা ও পানীয় জলের আশ্বাস দেওয়া হয়েছিল। যা বহু বছর পেরিয়ে গেলেও অধরাই রয়ে গেছে। এখন সেই ড্যামের ওপরই নতুন করে সোলার প্রজেক্ট গড়ে তোলা হচ্ছে। তাঁদের স্পষ্ট দাবি স্থানীয় গ্রামগুলিতে অবিলম্বে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে।

যোগ্যতার ভিত্তিতে স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীদের স্থায়ী চাকরি দিতে হবে। এলাকার উন্নয়নে সুসজ্জিত হাসপাতাল, স্কুল ও পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা করতে হবে।দাবি পূরণ না হওয়ায় গ্রামবাসীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং শেষ পর্যন্ত বৈঠক ছেড়ে বেরিয়ে যান। তাঁদের সাফ বার্তা, দাবি না মানা পর্যন্ত কোনোভাবেই এই প্রকল্পের কাজ শুরু করতে দেওয়া হবে না।ডিভিসি মাইথনের ডিজিএম সুখময় নায়ক বলেন, গ্রামবাসীদের সমস্ত দাবি নথিভুক্ত করা হয়েছে এবং তা বিবেচনার জন্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, বিনামূল্যে বিদ্যুৎ বা স্থায়ী চাকরির বিষয়টি সরকারি নীতির অন্তর্ভুক্ত। ফলে স্থানীয় স্তরে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করে বেশ কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় ঠিকাদার সংস্থা (হরিয়ানা পাওয়ার লিমিটেড)-এর মাধ্যমে সমস্ত অদক্ষ কাজে স্থানীয়দের নিয়োগ করা হবে।

এছাড়া আইটিআই , ডিপ্লোমা বা সোলার প্ল্যান্টের অভিজ্ঞতা থাকা স্থানীয় যোগ্য যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। ড্যাম সংলগ্ন গ্রামগুলিতে মোবাইল মেডিক্যাল ভ্যানের মাধ্যমে স্বাস্থ্যসেবা, ওভারহেড ট্যাঙ্কের মাধ্যমে পানীয় জল সরবরাহ এবং লেফট ব্যাঙ্ক হাই স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করা হবে।ডিজিএম আরও উল্লেখ করে বলেন, এটি কেন্দ্র সরকার ও প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর সাথে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রকল্প। খুব শীঘ্রই গ্রামবাসীদের সাথে পরবর্তী দফার আলোচনায় বসে জট কাটানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Social Share or Summarize with AI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *