দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বাড়ি ঘেরাও, ভাঙচুরের অভিযোগ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস
*বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বাড়ি ঘেরাওকে কেন্দ্র করে রবিবার রাতে অগ্নিগর্ভ হয়ে উঠল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ডিপিএল টাউনশিপ এলাকা। উত্তেজিত জনতার বিক্ষোভকে কেন্দ্র করে প্রাক্তন কাউন্সিলারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও রেফ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায়।এই ঘটনার কেন্দ্রে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শশাঙ্ক শেখর মণ্ডল। স্থানীয় সূত্রে জানা গেছে , ভোটের পর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন।














রবিবার সন্ধ্যায় তিনি নিজের বাড়িতে ফিরেছেন, এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপর একদল উত্তেজিত জনতা তাঁর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের বিরুদ্ধে বাড়িতে ভাঙচুর চালানোরও অভিযোগওউঠে।স্থানীয় বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল আমলে একাধিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শশাঙ্ক শেখর মণ্ডলকে এলাকায় থাকতে দেওয়া হবে না।
তাঁকে অবিলম্বে এলাকা ছাড়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা বাড়িটি ঘেরাও করে রাখেন।খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। পরে রেফ নামানো হয়। কিন্তু দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলতে থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় বলে অভিযোগ।প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই উত্তেজনা।
শেষ পর্যন্ত পুলিশ প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শশাঙ্ক শেখর মণ্ডলকে গ্রেফতার করে নিয়ে যায়। তাঁকে কি অভিযোগে আটক করা হয়েছে এবং ঘটনার সঙ্গে আর কারোর যোগ রয়েছে কি না, তা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতের পরে সোমবার সকালেও ডিপিএল টাউনশিপ এলাকায় টানটান উত্তেজনা ছিল। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।


