আসানসোল দুর্গাপুর পুলিশের হাতে বিশেষ ” মোবাইল ফরেনসিক ভ্যান “
অপরাধের তদন্তকে আরো শক্তিশালী করার পরিকল্পনা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol Latest News Update ) আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা এডিপিসিতে ফরেনসিক তদন্ত ব্যবস্থা আরো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হলো। সেই পরিকল্পনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জন্য একটি বিশেষ ‘মোবাইল ফরেনসিক ভ্যান’ নিয়ে আসা হলো। বৃহস্পতিবার আসানসোলে কমিশনারেট অফিসে সবুজ পতাকা দেখিয়ে এই ভ্যানের যাত্রার সূচনা করেন পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমার ।অপরাধের ঘটনাস্থল থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও প্রাথমিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কিটের সঠিক ব্যবহার এবং এই ভ্যানটির ফরেনসিক ক্ষমতা সম্পর্কে পুলিশ কমিশনারেটের ঊর্ধ্বতন আধিকারিক থেকে ও থানার ইন্সপেক্টর ইনচার্জ এবং ওসিদের বিস্তারিত জানানো হয়।














পুলিশ কমিশনার জানিয়েছেন, সাধারণ প্রমাণ সংগ্রহের কিট, ডিএনএ নমুনা সংগ্রহের কিট, রক্ত পরীক্ষার কিট এবং অন্যান্য প্রয়োজনীয় ফরেনসিক সরঞ্জাম সহ মোট ১৪টি বিশেষ কিট দিয়ে সজ্জিত এই মোবাইল ফরেনসিক ভ্যান। অপরাধের ঘটনাস্থল পরিদর্শনের প্রক্রিয়াকে আরো দ্রুত ও বিজ্ঞানসম্মত করে তুলতে এই ভ্যান আনা হয়েছে। এর পাশাপাশি পুরো কমিশনারেট এলাকায় প্রমাণের ওপর ভিত্তি করে তদন্তের কাজকে আরও জোরদার করবে এই ভ্যান বলে তিনি জানিয়েছেন।


