ASANSOL

আসানসোল নর্থ পয়েন্ট স্কুল ও পার্বতী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের শিক্ষক দিবস পালন

*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এবং পার্বতী টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা মিতা রায় পূর্ব ভারতের শিক্ষা ক্ষেত্রে এক বিশেষ স্থান অর্জন করেছেন। ২০০০-০১ সালে মাত্র ৩৫ জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া তাঁর এই শিক্ষাযাত্রা আজ ৩,০০০-এরও বেশি শিক্ষার্থীকে পরিষেবা প্রদানকারী একটি বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই সাফল্য এবং শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে শনিবার আসানসোল নর্থ পয়েন্ট স্কুল এবং পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যৌথভাবে আসানসোলের এসবি গড়াই রোডের পার্বতী হলে এক জমকালো শিক্ষক দিবস উদযাপনের আয়োজন করে।

আসানসোলের বিধান চন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ ফাল্গুনী মুখোপাধ্যায় এবং জামুরিয়া নামোপাড়া এফ.পি. স্কুলের প্রধান শিক্ষক দীপ নারায়ণ নায়েক এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পার্বতী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডঃ কৌশিক চট্টরাজ, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রিন্সিপাল রাজীব সাউ, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রধান শিক্ষক ভার্জিল ডি’সুজা, আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের প্রদ্যুমন সিং এবং আসানসোল নর্থ পয়েন্ট স্কুলের ভাইস প্রিন্সিপাল সত্যজিৎ দাঁ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্কুল ও ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শচীন্দ্রনাথ রায় এবং ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা মিতা রায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। বিশিষ্ট অতিথিদের স্মারক, শাল এবং শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। শিক্ষাক্ষেত্রে নিষ্ঠা ও উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন শিক্ষকদেরও বিশেষ উপহার দিয়ে সম্মানিত ও ধন্যবাদ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *