ASANSOL

তিন দিন নিখোঁজ, বাড়ির সামনে কুয়োয় মিলল যুবকের দেহ, অন্ডালে চাঞ্চল্য

বেঙ্গল মিরর, অন্ডাল, রাজা বন্দোপাধ্যায়ঃ* তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির সামনেই কুয়ো থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। রবিবার সকালে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখড়া খাদপাড়া এলাকায়। মৃত যুবকের নাম ষষ্ঠী বাউরী (৩৫)। তিনি পেশায় দিনমজুর ছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, দুদিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন ষষ্ঠী বাউরি। কাজের সূত্রে তাঁকে প্রায়ই বাইরে যেতে হতো। তাই প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে তেমন সন্দেহ করেননি। কিন্তু দুদিন কেটে যাওয়ার পরেও যুবক বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি।

আত্মীয়স্বজন থেকে শুরু করে পরিচিতদের কাছেও তাঁর সন্ধান করেন পরিবারের সদস্যরা। কিন্তু তার খোঁজ কোথাও পাওয়া যায় নি। এরই মধ্যে রবিবার সকালে বাড়ির সামনের একটি কুয়ো থেকে জল তুলতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে জলে ভাসছে একটি দেহ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় উখড়া ফাঁড়িতে।

সেই খবর পেয়েপুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে কুয়ো থেকে দেহটি উদ্ধার করা হয়। পরে সেই দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।তবে কিভাবে কুয়োয় পড়লেন ষষ্ঠী, নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিখোঁজ যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। দেহের ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ঠিক কি করে যুবকের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *