বিহারে পাচারের পরিকল্পনা বানচাল ডিডির আসানসোলে বাজেয়াপ্ত ২ লক্ষ টাকার মদ, ধৃত ৬
*বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিহারে বিদেশি মদ পাচারের পরিকল্পনা বানচাল করলো আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা দপ্তর বা ডিডি। শনিবার বিকেলে আসানসোলের জিটি রোডে সাতাইশা মোড়ের কাছে ডিডির অফিসারদের একটি দল একটি টোটোকে আটকায়। সেই টোটোয় বেশ কয়েকটি বস্তা ছিলো। সেই বস্তা খুলতেই বেরিয়ে আসে একটি বিদেশি কোম্পানির মদের ১০ টি পেটি। পেটির মধ্যে ছিলো ট্রেটা প্যাকের মদ। সঙ্গে সঙ্গে ডিডি সেই মদ আটক করে। বেআইনি ভাবে এই নিয়ে যাওয়ার জন্য গ্রেফতার করা হয় ৬ জনকে।













প্রাথমিক জেরায় ধৃতরা জানায়, তারা এই মদ আসানসোলে ১৯ নং জাতীয় সড়কের একটি পানশালা থেকে এই মদ নিয়েছিলো। সেখান থেকে তারা সেই মদের পেটি টোটো করে আসানসোলের সাতাইশার কাছে নিয়ে আসছিলো। সেখানে তারা সেই মদ বিহারের বাসে তুলতো।
ডিডির তরফে বলা হয়েছে, বাজেয়াপ্ত করা মদের বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। গোপন সূত্রে টোটো করে মদ নিয়ে এসে, বাসে তা বিহারে পাচারের পরিকল্পনা নেওয়া হয়েছে, এমন একটা খবর পাওয়া যায়। তারপরই এই অভিযান। ধৃতদেরকে আরো জেরা করে ডিডির অফিসাররা জানার চেষ্টা করছেন, আর কে কে এই মদ পাচারের সঙ্গে জড়িত রয়েছে।


