৫ দিন বিদ্যুৎহীন এলাকা বার্নপুরে গিয়ে দ্রুত পরিষেবা চালুর নির্দেশ মন্ত্রী অগ্নিমিত্রা পালের
*বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* টানা ৫ দিন ধরে বিদ্যুৎহীন বার্নপুরের নরসিংবাঁধ নাগ মন্দির এলাকা। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকার কয়েকশো পরিবার। গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু, প্রবীণ ও অসুস্থদের পাশাপাশি পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতির খবর পেয়ে শনিবার এলাকায় পৌঁছান আসানসোল দক্ষিণের বিধায়িকা তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন বিদ্যুৎ না থাকলেও সমস্যার সমাধান হচ্ছিল না।













বিষয়টি জানার পর অগ্নিমিত্রা পাল প্রথমে ইস্কোর টাউন অফিসে যান। সেখানে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকার কারণ জানতে চান তিনি। এরপর আধিকারিকদের সঙ্গে নিয়ে নরসিংবাঁধ এলাকায় পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন। একইসাথে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন।অগ্নিমিত্রা পাল বলেন, আধিকারিকদের কাছ থেকে আমি জানতে পেরেছি, এলাকায় কোন কাজের জন্য গর্ত খোঁড়া হয়েছিল।
সেই কাজের জেরেই বিদ্যুৎ পরিষেবায় সমস্যা তৈরি হয়েছে। তবে তিন-চার দিন ধরে বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি মেনে নেওয়া যায় না বলে স্পষ্ট জানান তিনি।এলাকায় গিয়ে কাজের পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, ৪/৫ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। শুধু একটা গর্ত খোঁড়া হয়েছে। এভাবে তো চলতে পারে না। দ্রুত কাজ শেষ করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন তিনি।
অগ্নিমিত্রা পাল নির্দেশ দেন, আজকের মধ্যেই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। যদি মেরামতির কাজে আরও সময় লাগে, তাহলে জেনারেটরের মাধ্যমে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। কারণ, এলাকায় বহু পরিবার রয়েছে এবং বর্তমানে শিশুদের পরীক্ষা চলছে। গরমের মধ্যে পড়ুয়াদের যাতে সমস্যায় পড়তে না হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন, এই ব্যাপারে শুক্রবার আমার কাছে অভিযোগ এসেছিলো। কালকেই আমি ইস্কো কারখানায়কে বিষয়টি জানিয়েছিলাম। এদিন সকালে আবার জানতে পারি এখনও বিদ্যুৎ আসেনি। তাই আমি এখানে এসেছি। দ্রুত বিদ্যুৎ পরিষেবা চালু করতে হবে। তা সম্ভব না হলে জেনারেটরের ব্যবস্থা করতে হবে।”শুধু বাড়ির বিদ্যুৎ নয়, এলাকার স্ট্রিট লাইট নিয়েও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।
ত্রিবেণী মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার আলো জ্বলছে না বলেও মন্ত্রীকে জানান তাঁরা। নরসিংবাঁধ নাগ মন্দির সংলগ্ন এলাকার রাস্তার আলো নিয়েও অভিযোগ ওঠে।এদিন অগ্নিমিত্রা পাল বলেন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের সরকার মানুষের অসুবিধা বরদাস্ত করবে না।
আমরা ফাস্ট কাজ করি এবং মানুষের পাশে থাকার জন্য কমিটেড। ভোটারের কোনও অসুবিধা আমি বরদাস্ত করব না।অন্যদিকে, বিজেপি কার্যকর্তা আনমোল সিংয়ের দাবি, বিদ্যুৎ না থাকার কারণে এই এলাকায় প্রায় ৫০০ থেকে ১ হাজার পরিবার সমস্যায় পড়েছে। বিষয়টি জানার পর থেকেই অগ্নিমিত্রা পাল ইস্কোর আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিষেবা স্বাভাবিক হয়েছে কি না, তার খোঁজ নেন। পরে এদিন তিনি নিজেই টাউন অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে তাঁদের নিয়ে এলাকায় পৌঁছে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


