ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বে বাড়িতে চুরি নিরাপত্তা নিয়ে প্রশ্ন, এলাকায় চাঞ্চল্য

*বেঙ্গল মিরর, সালানপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* পুলিশ ফাঁড়ির ঢিল ছোঁড়া দূরত্বে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ফাঁড়ির পেছনেই কলোনীতে এক বাড়ি থেকে সোমবার মধ্যরাতে দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির অন্তর্গত লেফ্ট ব্যাংক এলাকায়।জানা গেছে, লেফ্ট ব্যাংকের বাসিন্দা মন্টু রায়ের বাড়িতে মধ্যরাতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনার সময়ে গৃহকর্তা মন্টু রায় নিজের কাজের জায়গায় ছিলেন। বাড়িতে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। সবাই ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে চোরের দল চুপিসারে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ।

এরপর তারা বিছানার পাশে রাখা দুটি মোবাইল ফোন, কিছু নগদ অর্থ এবং ঠাকুরের পুজোর বাসন নিয়ে চম্পট দেয়।গৃহকর্তা মন্টু রায় বলেন, আমি সোমবার রাতে কাজে গিয়েছিলাম। বাড়িতে সবাই ঘুমোচ্ছিল। সেই সুযোগে চোর ঢুকে মোবাইল, টাকা ও পুজোর বাসন নিয়ে যায়। ফাঁড়ির একদম কাছেই আমাদের বাড়ি। তবুও চোরদের এত সাহস কিভাবে হয় তা বুঝে উঠতে পারছি না। তিনি আরো বলেন , এদিন সকালে আমি অভিযোগ জানাতে কল্যানেশ্বরী ফাঁড়িতে গেছিলাম।

কিন্তু ফাঁড়ির ইনচার্জ না থাকায় তখন অভিযোগ জমা দিতে পারিনি। পরে আমি আবার ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করেছি বলে জানান তিনি ।এই ঘটনার পর থেকে লেফ্ট ব্যাংক এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পুলিশ ফাঁড়ির নাকের ডগায় যদি এই ধরনের দুঃসাহসিক চুরি হতে পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? লেফ্ট ব্যাংক এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি। অবিলম্বে পুলিশি টহল বাড়ানোর পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *