কুলটিতে বাংলা ঝাড়খণ্ড সীমানায় কয়লা বোঝাই ট্রাকে আগুন
*বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা -ঝাড়খণ্ড সীমানায় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পার্কিং এলাকায় একটি কয়লা বোঝাই ট্রাকে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে । বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক সংলগ্ন পার্কিং এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।ট্রাক চালক মহঃ সিরাজ বলেন, ঝাড়খণ্ডের নিরসা থেকে বৈধ কয়লা বোঝাই করে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। রাতে ডুবুরডিহি চেকপোস্টের কাছে পার্কিং এলাকায় গাড়িটি দাঁড় করিয়ে রাখা ছিলো। সেই সময় আচমকাই তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় অন্যান্য গাড়ির চালক ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণ করতে দ্রুত এগিয়ে আসেন স্থানীয় চালক ও ব্যবসায়ীরা।













খবর দেওয়া হয় কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ভাবে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজে হাত লাগায়। এর মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন।দমকল কর্মীদের দ্রুত ও সতর্কতামূলক পদক্ষেপে কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

চালকের দাবি, গাড়িতে থাকা কয়লার সমস্ত নথিপত্র বৈধ ছিল। তবে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিভাবে কয়লা বোঝাই এই আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দমকল বিভাগ ও কুলটি থানার পুলিশ।

